02/02/2026 ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা ধরে রাখতে বড় চাল ড. ইউনূসের! ইইউ-এর সাথে দ্রুত এফটিএ চুক্তির আহ্বান
odhikarpatra
১ February ২০২৬ ২২:০০
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বিশেষ করে তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্স (ইউরোচেম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজ এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই গুরুত্বারোপ করেন। বৈঠকে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, "জাপানের সাথে সম্প্রতি সম্পন্ন হওয়া অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA) আমাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ইউরোপীয় ইউনিয়নের সাথেও এফটিএ করতে চাই, যাতে ২০২৯ সালের পর শুল্কমুক্ত সুবিধা শেষ হলেও আমাদের পণ্যগুলো ইউরোপের বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে পারে।"
ইউরোচেম চেয়ারপারসন নুরিয়া লোপেজ ড. ইউনূসের প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেন, ভারত ও ভিয়েতনাম ইতোমধ্যে এই পথে অনেক দূর এগিয়েছে। বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়াতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই চুক্তি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ২০২৬ সালে একটি 'ইইউ-বাংলাদেশ বিজনেস ফোরাম' আয়োজনের প্রস্তুতির কথা জানান। এছাড়া আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটে ইউরোপীয় ইউনিয়নের বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি বাংলাদেশের গণতন্ত্র পুনরুজ্জীবনে আস্থার প্রতীক হয়ে দাঁড়াবে।