04/11/2026 ট্রাম্প-পোপ দ্বন্দ্বের চরম অবনতি: এবার কি আভিগনন প্যাপাসির পুনরাবৃত্তি
Special Correspondent
১১ April ২০২৬ ০২:১৫
নিউজ ডেস্ক | অধিকারপত্র
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের আবহে ওয়াশিংটন এবং ভ্যাটিকানের মধ্যকার সম্পর্ক এক নজিরবিহীন সংঘাতের রূপ নিয়েছে। প্রথম মার্কিন পোপ চতুর্দশ লিও এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে বিরোধের রেশ ধরে এবার পেন্টাগন থেকে সরাসরি আভিগনন প্যাপাসি'র (Avignon Papacy) মতো ঐতিহাসিক ও বিতর্কিত পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পেন্টাগনের তলব ও কড়া হুঁশিয়ারি
মার্কিন সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস-এর প্রতিবেদন অনুযায়ী পোপ চতুর্দশ লিও ইরান যুদ্ধের সমালোচনা করে ভাষণ দেওয়ার পরপরই মার্কিন প্রতিরক্ষা নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবি যুক্তরাষ্ট্রে নিযুক্ত অ্যাপোস্টোলিক নানসিও (ভ্যাটিকানের রাষ্ট্রদূত) ক্রিস্টোফ পিয়েরকে পেন্টাগনে তলব করেন। বৈঠকটি কোনো কূটনৈতিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রতিবেদন অনুযায়ী কোলবি সরাসরি ভ্যাটিকান প্রতিনিধিকে উদ্দেশ্য করে বলেন যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপ নেওয়ার মতো সামরিক ক্ষমতা রয়েছে। চার্চের উচিত হবে সঠিক পক্ষ (যুক্তরাষ্ট্র) বেছে নেওয়া। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো পেন্টাগনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আলোচনার একপর্যায়ে আভিগনন প্যাপাসি শব্দবন্ধটি উল্লেখ করেন। এটি মূলত ক্যাথলিক চার্চের ইতিহাসের সেই কালো অধ্যায়কে ইঙ্গিত করে যখন ফরাসি রাজতন্ত্রের চাপে পোপের দপ্তর রোম থেকে ফ্রান্সের আভিগননে সরিয়ে নেওয়া হয়েছিল এবং চার্চ দীর্ঘ ৭০ বছর রাজাদের নিয়ন্ত্রণে ছিল।
দ্বন্দ্বে উত্তাপ ছড়াচ্ছে মাগা ও ইরান যুদ্ধ
গত বছর দায়িত্ব গ্রহণের পর থেকেই পোপ চতুর্দশ লিও ডোনাল্ড ট্রাম্পের 'মাগা' (MAGA) বা 'মেক আমেরিকা গ্রেট এগেইন' নীতির প্রকাশ্য সমালোচনা করে আসছেন। সাম্প্রতিক ইস্টার উদযাপনের প্রাক্কালে তিনি মন্তব্য করেন, ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন না বা কবুল করেন না, যারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস এবং পোপের মধ্যকার দূরত্ব আরও বেড়েছে। এর ফলে পোপ চলতি বছরের শেষার্ধে তার পূর্বনির্ধারিত মার্কিন সফর বাতিল করেছেন। আগামী ৪ঠা জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার হোয়াইট হাউসের আমন্ত্রণও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
মার্কিন ক্যাথলিক মহলে তীব্র প্রতিক্রিয়া
ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থানের বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রের ক্যাথলিক সমাজ থেকেই সমালোচনার ঝড় উঠেছে। বেশ কিছু মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে ক্যাথলিক ধর্মতাত্ত্বিক ও নেতৃবৃন্দ মনে করছেন ট্রাম্প প্রশাসন এক ধরণের অযৌক্তিক অহংকারে ভুগছে। তাদের মতে ভ্যাটিকানের মতো একটি স্বাধীন ও প্রাচীন প্রতিষ্ঠানকে মার্কিন প্রশাসন তাদের আজ্ঞাবহ করতে পারবে বলে যে ধারণা করছে, তা অত্যন্ত বিপজ্জনক।
প্রেক্ষাপট: কী এই আভিগনন প্যাপাসি?
ইতিহাসবিদদের মতে ১৩০৯ থেকে ১৩৭৮ সাল পর্যন্ত সময়কালকে আভিগনন প্যাপাসি বলা হয়। তৎকালীন ফরাসি রাজা চতুর্থ ফিলিপ পোপ অষ্টম বনিফেসের কর্তৃত্ব খর্ব করে নিজের পছন্দের পোপ নির্বাচিত করেন এবং পোপের দরবার রোম থেকে সরিয়ে ফ্রান্সে নিয়ে যান। পেন্টাগনের পক্ষ থেকে এই ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করিয়ে দেওয়াকে ভ্যাটিকানের সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র