04/19/2026 গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী
odhikarpatra
১৮ April ২০২৬ ২৩:৫৩
১৮ এপ্রিল ২০২৬, ২২:৩৯
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে বিদ্যমান গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এবং এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
তিনি আরও বলেন, অতীতের বিতর্কে না গিয়ে ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়াই সময়ের দাবি। ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিকে ধারণ করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
নিজের ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। পরে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে ময়মনসিংহের নান্দাইল আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা প্রদান করা হয়। কৃষিতে অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, শিল্প ও সংস্কৃতিতে ফরিদা আক্তার পপি (ববিতা), সাহিত্য ক্ষেত্রে রাহিতুল ইসলাম এবং শিক্ষায় মনসুর আহমেদ চৌধুরী পুরস্কৃত হন।
এছাড়া উদ্যোক্তা (পুরুষ) ক্যাটাগরিতে এরশাদ উল্লাহ, উদ্যোক্তা (নারী) হিসেবে কনা আলম, পেশাজীবী বিভাগে শাখাওয়াত হোসেন, সাংবাদিকতায় শফিক আহমেদ, ক্রীড়ায় সাঈদ উর রব এবং সমাজসেবায় শান্তি শ্রী সম্মাননা লাভ করেন। আজীবন সম্মাননা পান আলোকচিত্রী শহিদুল আলম।
উল্লেখ্য, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘হুজ হু’ ১৮৪৯ সাল থেকে বিশ্বব্যাপী গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে। বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।