09/19/2026 কমলগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪
odhikarpatra
১৮ September ২০২৬ ২৩:৩৫
অধিকার সংযুক্ত নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমালি বেগম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় আহতরা হলেন—হাফিজা (১৯), লিপন (২৮), নজির মিয়া (৫৫) এবং অটোরিকশাচালক শুভ চন্দ্র।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে শ্রীনাথপুর সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত হাফিজা ও নজির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।