10/01/2026 রংপুরে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে গৃহবধূ নিহত, আহত স্বামী; অক্ষত ৮ মাসের শিশু
odhikarpatra
৩০ September ২০২৬ ২৩:০৫
রংপুর সদর উপজেলায় গভীর রাতে টিনের ঘরের ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়ে দীপা রানী (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সজীব গুরুতর আহত হয়েছেন। তবে গাছের নিচে চাপা পড়া ঘর থেকে তাদের আট মাস বয়সী শিশুসন্তানকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের হাজরাহাটি ভরকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই রাতে এলাকায় কোনো ঝড়-বৃষ্টি ছিল না। হঠাৎ বিকট শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। বাইরে বের হয়ে তারা দেখতে পান, একটি বিশাল জোড়পাকড় গাছ ভেঙে টিনের ঘরের ওপর পড়ে গেছে। এতে ঘরটি গাছের নিচে চাপা পড়ে যায়।
দুর্ঘটনার সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন দীপা রানী, তার স্বামী সজীব এবং তাদের আট মাস বয়সী শিশু।
পরে স্থানীয়রা গাছ সরিয়ে দীপা রানীর মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকেও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। স্বজন ও স্থানীয়রা জানান, শিশুটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, গাছটির বয়স প্রায় ২৫০ থেকে ৩০০ বছর।
প্রতিবেশী পল্লীচিকিৎসক প্রফুল্ল রায় বলেন, বিকট শব্দ শুনে তিনি বাইরে এসে দেখেন গাছটি ঘরের ওপর পড়ে আছে। পরে স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন। গাছের নিচে দীপা রানীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার স্বামী সজীবের মাথায় গুরুতর আঘাত ছিল।
খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে সরিয়ে উদ্ধারকাজ চালান। আহত সজীবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার মাথায় ১৩টি সেলাই দেওয়া হয়েছে।
হঠাৎ গাছটি ভেঙে পড়ায় পরিবারের দুটি টিনের ঘর বিধ্বস্ত হয়েছে। ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালের পাশাপাশি একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মমিনপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘরের ওপর গাছ পড়ে ঘুমন্ত এক গৃহবধূর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।
তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
গভীর রাতে ঘরের ওপর বিশাল গাছ, প্রাণ গেল গৃহবধূর; গাছের নিচ থেকে অক্ষত উদ্ধার ৮ মাসের শিশু
রংপুরে গাছ পড়ে মৃত্যু, রংপুর দুর্ঘটনা, গাছের নিচে চাপা পড়ে মৃত্যু, রংপুর সদর, মমিনপুর ইউনিয়ন, দীপা রানী নিহত, সজীব আহত, ৮ মাসের শিশু উদ্ধার, ঘরের ওপর গাছ, রংপুর ফায়ার সার্ভিস
#রংপুর #রংপুরসংবাদ #দুর্ঘটনা #গাছভেঙেপড়া #গৃহবধূনিহত #শিশুউদ্ধার #ফায়ারসার্ভিস #মমিনপুর #অধিকারপত্র #BangladeshNews