10/01/2026 চাঁদপুরে পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে মারধর, নারীর সঙ্গে ছবি তুলে টাকা আদায়ের অভিযোগ
odhikarpatra
৩০ September ২০২৬ ২৩:০৫
অধিকার পত্র ডটকম | নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর শহরে পুলিশ পরিচয়ে এক চালককে একটি ফ্ল্যাটে নিয়ে আটকে মারধর, এক নারীর সঙ্গে জোরপূর্বক ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রের চার নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঘটনায় ভুক্তভোগী চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেছেন।
পুলিশের কাছে দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে থেকে সাইফুল ইসলাম নামে এক চালককে পুলিশ পরিচয়ে পথরোধ করেন দুই ব্যক্তি। পরে তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, সেখানে সাইফুলকে মারধর করা হয়। একপর্যায়ে জোরপূর্বক এক নারীর সঙ্গে তার ছবি ও ভিডিও ধারণ করে চক্রটি। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে তাকে ২০ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। এর মধ্যে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা এবং তার কাছে থাকা নগদ ১২ হাজার টাকা নিয়ে নেয় চক্রটি।
পরে কৌশলে এক স্বজনকে ফোন করে বিষয়টি জানান সাইফুল। স্বজনের কাছ থেকে খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলের পাশের একটি ভবনে অভিযান চালায়। এ সময় সাইফুলকে উদ্ধার এবং চক্রের চার নারীকে আটক করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশের অভিযান টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ভূমিকা এবং অভিযোগের বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ পরিচয়ে ফ্ল্যাটে নিয়ে চালককে মারধর, নারীর সঙ্গে ছবি-ভিডিও তুলে ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ
চাঁদপুরে প্রতারণা, চাঁদপুরে পুলিশ পরিচয়ে প্রতারণা, চালককে আটকে মারধর, ছবি ভিডিও ধারণ করে টাকা আদায়, চাঁদপুর ডিবি, চার নারী আটক, চাঁদপুর সদর মডেল থানা, পুলিশ পরিচয়ে অপহরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঁদপুর অপরাধ সংবাদ
#চাঁদপুর #চাঁদপুরসংবাদ #প্রতারণা #ডিবিপুলিশ #পুলিশপরিচয় #চালক #অপরাধ #আটক #মামলা #অধিকারপত্র