10/05/2026 আখতারুজ্জামানকে দেখতে যাওয়া নেতাকর্মী-স্বজনদের ওপর হামলার অভিযোগ, জামায়াতের নিন্দা
odhikarpatra
৫ October ২০২৬ ২০:১১
নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
মেজর (অব.) আখতারুজ্জামানকে দেখতে যাওয়া নেতাকর্মী ও তার আত্মীয়স্বজনদের ওপর হামলার অভিযোগ তুলে এর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘নেতাকর্মী ও আখতারুজ্জামানের আত্মীয়স্বজন যারা তাকে দেখতে গিয়েছিলেন, তাদের ওপর হামলা করা হয়েছে। আমরা এর ধিক্কার জানাই।’
গোলাম পরওয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় আদালত প্রাঙ্গণে যে ধরনের ঘটনা ঘটানো হতো, বর্তমানে তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। তার দাবি, আচরণের দিক থেকে আওয়ামী লীগের সময়কার কর্তৃত্ববাদ এবং বিএনপির নেতাকর্মীদের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই।
তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রবাসী বাংলাদেশি ও রেমিট্যান্স পাঠানো ব্যক্তিরাও এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন বলে দাবি করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, আখতারুজ্জামানকে মুক্তি দেওয়া না হলে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা ‘রেমিট্যান্স শাটডাউন’-এর ঘোষণা দেওয়ার হুমকি দিয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত উপস্থিত ছিলেন।
তবে হামলার অভিযোগ এবং ‘রেমিট্যান্স শাটডাউন’-এর হুমকির বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।