10/23/2026 ঢাবিতে ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
odhikarpatra
২৩ October ২০২৬ ১৯:০৩
ঢাবি প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অনশন শুরু করেন। অনশনকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন—এমন তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও সেখানে ছিলেন। তাঁরা আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরে সহযোগিতা করেন।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, একই হল শাখার শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকরাম গাজী হৃদয়। আটক অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক চারজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের অনশন কর্মসূচির মধ্যে এ আটকের ঘটনা ঘটল। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে পুলিশের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।