02/02/2026 ভর্তিচ্ছুদের সেবায় অনন্য কুবি ছাত্রশিবির! শহীদদের নামে তথ্যকেন্দ্র ও ফ্রি বাস-বাইক সার্ভিসে মুগ্ধ অভিভাবকরা
odhikarpatra
১ February ২০২৬ ২২:২২
কুবি প্রতিনিধি | অধিকারপত্র ডটকম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহায়তায় ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। যাতায়াতের জন্য ফ্রি বাস ও বাইক সার্ভিস, আবাসন, খাবার এবং শহীদদের স্মরণে বিশেষ তথ্যকেন্দ্র স্থাপনের মাধ্যমে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
শনিবার (৩১ জানুয়ারি) ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাস ও কোটবাড়ি সংলগ্ন বিভিন্ন কেন্দ্রে ছাত্রশিবিরের এই সেবা কার্যক্রম লক্ষ্য করা যায়। বিশেষত্ব হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, আব্দুল কাইয়ুমসহ ৯ জন শহীদের নামে তথ্যকেন্দ্রগুলোর নামকরণ করা হয়। এছাড়া শহীদ শরীফ উসমান বিন হাদীর নামে ‘গার্ডিয়ান প্যাভিলিয়ন’ স্থাপন করে অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের জন্য ‘আর-রিহলা’ বাস সার্ভিস এবং জরুরি যাতায়াতে বাইক সার্ভিস প্রদান করা হয়েছে। এছাড়া প্রায় ২০০০ শিক্ষার্থীর জন্য রাতের খাবার ও বিভিন্ন মসজিদে থাকার সুব্যবস্থা করা হয়। তথ্যকেন্দ্রগুলো থেকে সিট প্ল্যানিং, কলম বিতরণ, খাবার পানি এবং প্রাথমিক চিকিৎসা সেবাও প্রদান করা হয়।
নোয়াখালী থেকে আসা এক অভিভাবক বলেন, "ছাত্রশিবিরের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে শহীদদের নামে প্যাভিলিয়ন করার বিষয়টি আমাদের আবেগের জায়গা ছুঁয়ে গেছে।" ভর্তিচ্ছু এক শিক্ষার্থী জানান, অচেনা শহরে ছাত্রশিবিরের স্বেচ্ছাসেবীদের নির্দেশনা ও যাতায়াত সুবিধা তাদের অনেক দুশ্চিন্তা মুক্ত করেছে।
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, "শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে প্রতিবারের মতো এবারও আমরা সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করেছি। সেবার পাশাপাশি আমরা রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার ক্যাম্পেইনও পরিচালনা করেছি।"
#CoU #কুমিল্লা_বিশ্ববিদ্যালয় #ছাত্রশিবির #ভর্তি_পরীক্ষা #AdmissionTest2026 #জুলাই_বিপ্লব #শহীদ_আবু_সাইদ #আর_রিহলা #অধিকারপত্র