02/07/2026 বিষাক্ত বাতাস ও উত্তাল রাজপথ: শুক্রবারের ঢাকা ছিল রণক্ষেত্র
Special Correspondent
৬ February ২০২৬ ২২:৫৫
নিউজ ডেস্ক | অধিকারপত্র
আজ শুক্রবার ছুটির দিনেও রাজধানী ঢাকার বাসিন্দাদের জন্য ছিল না স্বস্তির খবর। একদিকে আইকিউএয়ারের বৈশ্বিক সূচকে ঢাকার বাতাস ছিল বিশ্বের অন্যতম দূষিত ও অস্বাস্থ্যকর। অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে বিভিন্ন সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল হোটেল এলাকা। পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।
দূষণে দমবন্ধ ঢাকা: বিশ্বের পঞ্চম শীর্ষ দূষিত শহর
শীতের শুষ্ক আবহাওয়ায় ঢাকার বায়ুমান আজ আবারও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে ঢাকার একিউআই (AQI) স্কোর ছিল ১৯৭, যা স্বাস্থ্যঝুঁকির বিচারে অস্বাস্থ্যকর। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল পঞ্চম। উল্লেখ্য তালিকার শীর্ষে ছিল ভিয়েতনামের হেনয় (২৭৮)। বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের কালো ধোঁয়া এবং শিল্পকারখানার নির্গমন ঢাকার বাতাসকে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত করেছে। বিশেষ করে শিশু ও শ্বাসকষ্ট রোগীদের জন্য এই আবহাওয়া চরম ঝুঁকিপূর্ণ।
রণক্ষেত্র ইন্টারকন্টিনেন্টাল মোড়: ইনকিলাব মঞ্চের অবস্থান ও সংঘর্ষ
বায়ুদূষণের এই গুমোট পরিস্থিতির মধ্যেই বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর মিন্টো রোড এলাকা। শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে গত বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। আজ বিকেল পৌনে চারটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনার দিকে এগোতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে এবং দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও ডাকসুর সাবেক নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ব্যারিকেড ভেঙে যমুনা ঘেরাওয়ের চেষ্টা করায় পুলিশ জনস্বার্থে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
নবম পে-স্কেলের দাবিতে উত্তাল শাহবাগ
দিনের শুরু থেকেই রাজধানীর আরেক প্রান্তে ছিল উত্তজনা। নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শাহবাগে জড়ো হয়ে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সকাল ১১টার পর আন্দোলনকারীদের সরাতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের উদ্বেগ
পরিবেশবিদরা বলছেন বায়ুদূষণে যখন নগরবাসীর ফুসফুস এমনিতেই আক্রান্ত, তখন রাজপথে কাঁদানে গ্যাস ও ধোঁয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একদিকে দীর্ঘস্থায়ী দূষণ নিয়ন্ত্রণ ও অন্যদিকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে ঢাকার বসবাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকবে। বর্তমানে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, যার ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র