02/10/2026 নির্বাচিত সরকারের পথ প্রশস্ত করতে ঢাবি উপাচার্যের পদত্যাগের ঘোষণা
Special Correspondent
১০ February ২০২৬ ১৬:৪০
নিউজ ডেস্ক | অধিকারপত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে তাঁর এই ঘোষণা বিশ্ববিদ্যালয় পাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, তিনি ইতোমধ্যে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তবে প্রশাসনিক শূন্যতা এড়াতে পদত্যাগপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় নিচ্ছেন।
পদত্যাগের কারণ ও প্রেক্ষাপট
সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমদ খান তাঁর এই সিদ্ধান্তের পেছনে মূলত দুটি কারণ উল্লেখ করেছেন-
নির্বাচিত সরকারকে সুযোগ দেওয়া: তিনি জানান, নতুন নির্বাচিত রাজনৈতিক সরকার যেন নিজেদের পছন্দমতো প্রশাসন সাজাতে পারে, সেই সুযোগ করে দিতেই তিনি সরে দাঁড়াচ্ছেন। সংকটকাল উত্তরণ: উপাচার্য বলেন আমি সংকটকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমার মনে হয়, বিশ্ববিদ্যালয়ের সেই সংকটকাল এখন শেষ হয়েছে।
মূল পেশায় ফেরার ইচ্ছা
উপাচার্য তাঁর বক্তব্যে আরও জানান যে, তিনি ডেপুটেশন থেকে অব্যাহতি নিয়ে তাঁর মূল কর্মস্থল উন্নয়ন অধ্যয়ন বিভাগে শিক্ষকতায় ফিরে যেতে চান। তিনি বলেন আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে যেন কোনো শূন্যতা তৈরি না হয় সেজন্য (নির্বাচিত) সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করবো।
প্রেক্ষাপট ও ইতিহাস
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। এরপর ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি স্থবির হয়ে পড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পুনরায় সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজ সকাল থেকেই ক্যাম্পাসে তাঁর পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। দুপুরের দিকে জনসংযোগ দপ্তর থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হলে সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়। তবে এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা না দেওয়ায় পরবর্তী সরকার গঠন পর্যন্ত তিনি দায়িত্বে থাকছেন কি না তা নির্ভর করছে উদ্ভত পরিস্থিতির ওপর।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র