02/17/2026 গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
Special Correspondent
১৭ February ২০২৬ ১৭:২০
নিউজ ডেস্ক | অধিকারপত্র
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর ফলাফল স্থগিত ও বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবেদনকারী আইনজীবী জানিয়েছেন বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
রিটের মূল কারণ
রিট আবেদনকারী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ সাংবাদিকদের জানান, মূলত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের আইনি বৈধতা এবং এর পরদিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটকে চ্যালেঞ্জ করা হয়েছে। তিনি বলেন আমরা গণভোট অনুষ্ঠানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছি এবং এই ফলাফলের ওপর স্থগিতাদেশ চেয়েছি। পাশাপাশি পুরো প্রক্রিয়াটি বাতিলেরও আর্জি জানানো হয়েছে।
গণভোটের প্রেক্ষাপট ও ফলাফল
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ এর সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে দেশজুড়ে এই গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে ভোটের চিত্র:
মোট ভোটার উপস্থিতি: ৬০.২৬ শতাংশ।
'হ্যাঁ' ভোট: ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন (মতান্তরে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন)।
'না' ভোট: ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন (মতান্তরে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন)।
গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে এই ফলাফল ঘোষণা করেছিলেন। ফলাফল অনুযায়ী, 'না'-এর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে ‘হ্যাঁ’ জয়ী হয়। এখন উচ্চ আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে এই গণভোটের পরবর্তী আইনি ভাগ্য।
-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র