02/22/2026 রাবিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দ শুরু, সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
২২ February ২০২৬ ১৬:২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরবর্তী ধাপ হিসেবে বিভাগ পছন্দক্রম দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে সব ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে বিভাগ পছন্দ দিতে পারছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উত্তীর্ণ প্রার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়–এর নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ ইউনিট অনুযায়ী বিষয় বা বিভাগ পছন্দক্রম পূরণ করতে পারবেন। এই প্রক্রিয়া চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণদের জন্য একই সময়ের মধ্যে সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী বিভাগ পছন্দ না দিলে সংশ্লিষ্ট ইউনিটে তাঁর ভর্তির সুযোগ থাকবে না।
এ ছাড়া বিভাগ পছন্দ দেওয়ার পর মেধাক্রম অনুযায়ী যদি কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত করা হয়, তাহলে সেখানে ভর্তি হতে হবে। নির্বাচিত বিভাগে ভর্তি না করলে ওই ইউনিটে প্রার্থিতা বাতিল হবে এবং পরবর্তীতে একই ইউনিটের অন্য কোনো বিভাগে ভর্তি হওয়ার সুযোগও থাকবে না।
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের সময়সীমার মধ্যে সতর্কতার সঙ্গে পছন্দক্রম পূরণের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।