03/08/2026 ভোট নয়, যেন গণঅভ্যুত্থান: জেন-জি ঢেউয়ে বদলে যাচ্ছে নেপাল, আলোচনায় আরএসপি
Special Correspondent
৮ March ২০২৬ ০৪:০০
নিউজ ডেস্ক | অধিকারপত্র
নেপালের রাজনীতিতে বইছে পরিবর্তনের প্রবল হাওয়া। দীর্ঘ কয়েক দশকের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর আধিপত্য চুরমার করে দিয়ে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তরুণ নেতা বালেন্দ্র শাহ (বালেন) এবং তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (RSP)। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী নেপালের ২৭৫ আসনের প্রতিনিধি সভায় ম্যাজিক ফিগার (১৩৮ আসন) স্পর্শ করার পথে রয়েছে তারা।
ওলি-কে হটিয়ে জায়ান্ট কিলার বালেন
নির্বাচনের সবচেয়ে বড় চমক এসেছে ঝাপা-৫ আসন থেকে। নেপালের ঝানু রাজনীতিক এবং সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-কে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন ৩৫ বছর বয়সী বালেন শাহ। প্রাথমিক ফলাফল অনুযায়ী বালেন পেয়েছেন ৬৮,৩৪৮ ভোট। যেখানে ওলি মাত্র ১৮,৭৩৪ ভোট পেয়ে ধরাশায়ী হয়েছেন। নিজের শক্ত ঘাঁটিতে ওলির এই পরাজয় নেপালের প্রচলিত রাজনীতির পতনের স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
আরএসপি (RSP)-র একক আধিপত্য
২০২৫ সালের জেন জি (Gen Z) আন্দোলনের পর অনুষ্ঠিত এই প্রথম সাধারণ নির্বাচনে জনমতের জোয়ার স্পষ্টত নতুন প্রজন্মের দিকে।
কে এই বালেন শাহ?
পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং জনপ্রিয় র্যাপার বালেন শাহ ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে তিনি নেপালের তরুণদের হৃদয়ে জায়গা করে নেন। ২০২৫ সালের শেষদিকে তিনি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দেন এবং ২০২৬ নির্বাচনে দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াই করেন।
নেপালের ভবিষ্যৎ কোন পথে?
গত ১৮ বছরে নেপালে ১৪ বার সরকার পরিবর্তন হয়েছে। রাজনৈতিক অস্থিরতা আর দুর্নীতির অবসান ঘটাতে নেপালের জনগণ এবার একক সংখ্যাগরিষ্ঠ সরকার বেছে নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদি আরএসপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তবে বালেন শাহ হবেন নেপালের ইতিহাসের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞের মত এটি কেবল একটি নির্বাচন নয়, এটি নেপালের পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থান। তরুণ প্রজন্ম এখন আর প্রতিশ্রুতির ফুলঝুরি নয় কাজের প্রমাণ চায়।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র