04/07/2026 খেলার মাঠ থেকে সমাজ সংস্কার: মাঠ থেকেই কি শুরু হবে বাংলাদেশের শিক্ষা বিপ্লব?
Dr Mahbub
৬ April ২০২৬ ২১:৩৮
—অধিকারপত্র শিক্ষা সংস্কার ধারাবাহিক| বিশেষ সম্পাদকীয় কলাম
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জিপিএ-নির্ভরতা, মাঠ সংকট ও সামাজিক অবক্ষয়ের প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস কী বার্তা দিচ্ছে? খেলাধুলা কি পারে শিক্ষা সংস্কার ও সমাজ পুনর্গঠনের শক্তিশালী হাতিয়ার হতে—এই বিশ্লেষণধর্মী ফিচার নিবন্ধে উঠে এসেছে বাস্তবতা, ইতিহাস ও নীতিগত করণীয়। [On the occasion of National and International Day of Sport, this feature explores how sports can reform Bangladesh’s education system, address mental health crises, and rebuild social cohesion beyond GPA-driven learning.]
আজ ৬ই এপ্রিল। ক্যালেন্ডারের পাতায় দিনটি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। যখন ভোরের আলো মাঠের শিশিরভেজা ঘাসকে ছুঁয়ে যায়, তখন এই দিনটি কেবল ট্রফি আর মেডেলের হিসাব নিকাশ নয়, বরং এক গভীর জীবনদর্শনের কথা বলে। এবারের প্রতিপাদ্য যেন আমাদের সামাজিক কাঠামোর এক ক্ষয়িষ্ণু ক্ষতকে নির্দেশ করছে— 'গুণে ধরা সমাজ পরিবর্তনে শিক্ষা ব্যবস্থার সংস্কারে ক্রীড়া দিবসের তাৎপর্য।'
অবক্ষয়ের ঘুণপোকা ও মাঠের শূন্যতা
আমাদের বর্তমান সমাজব্যবস্থায় এক অদৃশ্য ঘুণপোকা নীরবে বাসা বেঁধেছে। অসহিষ্ণুতা, নৈতিক স্খলন আর যান্ত্রিক প্রতিযোগিতার এই যুগে মানবিক মূল্যবোধগুলো ক্রমে ফিকে হয়ে আসছে। কিশোর-কিশোরীরা আজ মাঠের ধুলোবালির চেয়ে স্মার্টফোনের নীল আলোয় বেশি আসক্ত। একটি সমাজ যখন খেলার মাঠ থেকে দূরে সরে যায়, তখন সেই শূন্যস্থানে জায়গা করে নেয় মাদক, বিষণ্নতা আর উগ্রবাদ।
একটি জরাজীর্ণ দালান যেমন ভেতরে ভেতরে শেষ হয়ে যায়, আমাদের সামাজিক কাঠামোও আজ সহমর্মিতা আর ধৈর্য হারিয়ে একইভাবে 'গুণে ধরা' অবস্থায় দাঁড়িয়ে আছে। এই পচন রোধে খেলার মাঠ হতে পারে শ্রেষ্ঠ প্রতিষেধক।
শিক্ষা ব্যবস্থার সংস্কার: শুধু জিপিএ নয়, জীবনের জয়গান
আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই কেবল মুখস্থ বিদ্যা আর পরীক্ষার নম্বর বা জিপিএ-র ফ্রেমে বন্দি। এই ব্যবস্থার আমূল সংস্কার এখন সময়ের দাবি। শিক্ষা কেবল মস্তিস্কের ব্যায়াম নয়, বরং শরীর ও মনের সুষম সমন্বয়।
পরিবর্তনের অনুঘটক হিসেবে ক্রীড়া
ইতিহাস সাক্ষী দেয়, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক হাতিয়ার। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেলসন ম্যান্ডেলা খেলাধুলাকে ব্যবহার করেছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করতে। আজ আমাদের দেশেও বিভাজিত সমাজকে এক সুতায় বাঁধতে পারে খেলার মাঠ।
"খেলাধুলার শক্তি আছে বিশ্বকে বদলে দেওয়ার। এটি মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে এবং এটি এমনভাবে মানুষকে একত্রিত করে যা অন্য কিছু পারে না।" — নেলসন ম্যান্ডেলা
সীমানা ছাড়িয়ে সম্প্রীতির সেতুবন্ধ: ক্রীড়া যখন পরিবর্তনের হাতিয়ার
মাঠের সবুজ ঘাসে যখন বল গড়ায় কিংবা অলিম্পিকের ট্র্যাকে যখন দৌড়বিদরা নিঃশ্বাস প্রশ্বাসের লড়াইয়ে নামেন, তখন সেখানে কোনো দেশ থাকে না, থাকে না কোনো বিভেদ। থাকে কেবল মানবিক শ্রেষ্ঠত্ব প্রমাণের অদম্য নেশা। আজ ৬ এপ্রিল, ‘উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস’। ২০২৬ সালে এই দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— “ক্রীড়া: সেতুবন্ধন রচনা ও বাধা অপসারণ” (Sport: Building Bridges, Breaking Barriers)। এক অস্থির ও খণ্ডিত বিশ্বে খেলাধুলা কীভাবে সংযোগ, অন্তর্ভুক্তি এবং শান্তির অনন্য কারিগর হতে পারে, এবারের দিবসটি সেই সত্যকেই নতুন করে মনে করিয়ে দিচ্ছে।
হৃদয় ও মানচিত্রের সংযোগ: ক্রীড়া কেবল শারীরিক কসরত নয়, এটি এক সার্বজনীন ভাষা যা সাংস্কৃতিক ও সামাজিক গণ্ডি ছাপিয়ে মানুষের হৃদয়ে পৌঁছাতে পারে। একটি বল যখন জালে জড়ায়, তখন গ্যালারিতে বসা হাজারো মানুষের উচ্ছ্বাস কোনো নির্দিষ্ট ধর্ম বা বর্ণের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না। ২০২৬ সালের এই বিশেষ দিনে গুরুত্ব দেওয়া হচ্ছে ক্রীড়ার সেই জাদুকরী শক্তিকে, যা প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারার সাথে যুক্ত করে এবং প্রজন্মের পর প্রজন্মকে এক সুতোয় বাঁধে। বিচ্ছিন্নতা কাটিয়ে সংলাপ, সংহতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরির এক অবারিত ক্ষেত্র হলো খেলার মাঠ।
টেকসই উন্নয়নের অনুঘটক: জাতিসংঘের '২০৩০ এজেন্ডা' বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে ক্রীড়া এখন এক অবিচ্ছেদ্য অংশ। ২০২৬ সালের এই আন্তর্জাতিক দিবসটি কেবল উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি তথ্য-প্রমাণ নির্ভর আন্দোলন। সুস্থ জীবন নিশ্চিত করা, লিঙ্গ বৈষম্য দূর করা এবং শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে খেলাধুলার প্রভাব এখন পরীক্ষিত। বিশেষ করে নারীদের ক্ষমতায়ন এবং তরুণ সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে মাঠের লড়াই এক শক্তিশালী কৌশল হিসেবে স্বীকৃত।
"ক্রীড়া হলো টেকসই উন্নয়নের এক অপরিহার্য চালিকাশক্তি। সহনশীলতা, শ্রদ্ধা এবং নারীর ক্ষমতায়নের মধ্য দিয়ে এটি সামাজিক প্রগতির পথ প্রশস্ত করে।"
— জাতিসংঘ উন্নয়ন রূপরেখা।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস কেবল ক্যালেন্ডারের একটি বিশেষ দিন নয়, বরং এটি বাংলাদেশের বর্তমান ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থাকে আমূল বদলে দেওয়ার একটি শক্তিশালী ইশতেহার। এই দিবসের মূল দর্শনকে যদি আমরা আমাদের জাতীয় শিক্ষাক্রমের সাথে সমন্বিত করতে পারি, তবে তা একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে সক্ষম।
১. মানসিক স্বাস্থ্যের সুরক্ষা ও সৃজনশীলতার বিকাশ: বাংলাদেশের বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ক্রমাগত মানসিক চাপে পিষ্ট। 'জিপিএ-৫' পাওয়ার অমানবিক ইঁদুর দৌড় তাদের শৈশবকে কেড়ে নিচ্ছে। ক্রীড়া দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য গেলা নয়, বরং স্নায়ুর সজীবতা রক্ষা করা। শিক্ষা ব্যবস্থায় খেলাধুলাকে বাধ্যতামূলক করলে শিক্ষার্থীদের মস্তিষ্কে এন্ডোরফিন হরমোনের নিঃসরণ বাড়বে, যা তাদের বিষণ্নতা কমিয়ে সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ করবে। একটি প্রাণহীন মুখস্থনির্ভর প্রজন্মের বদলে আমরা পাব একদল প্রাণবন্ত ও উদ্ভাবনী চিন্তার অধিকারী তরুণ।
২. অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠন: ক্রীড়া দিবসের বৈশ্বিক স্লোগান হলো 'সেতুবন্ধন ও বাধা অপসারণ'। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শহর ও গ্রামের, কিংবা ধনী ও দরিদ্রের যে বিশাল বৈষম্য বিদ্যমান, খেলার মাঠ তা ঘুচিয়ে দিতে পারে। যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে সব স্তরের শিক্ষার্থীরা একই মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে খেলে, তখন সেখানে কোনো শ্রেণিবৈষম্য থাকে না। এই দিবসটি নীতিনির্ধারকদের বাধ্য করে এমন একটি শিক্ষা কাঠামো নিয়ে ভাবতে, যেখানে শারীরিক সক্ষমতা বা সামাজিক পরিচয় নির্বিশেষে প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।
৩. নেতৃত্ব ও সামাজিক মূল্যবোধের হাতেখড়ি: শ্রেণিকক্ষের চার দেয়ালে 'নৈতিকতা' বা 'নেতৃত্ব' শেখানো কঠিন, কিন্তু খেলার মাঠে এটি অত্যন্ত স্বাভাবিক। জয়কে বিনয়ের সাথে গ্রহণ করা এবং পরাজয়কে সাহসের সাথে মেনে নেওয়ার যে শিক্ষা ক্রীড়া দিবস দেয়, তা আমাদের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা জরুরি। এটি শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা, দলগত ঐক্য এবং নিয়মানুবর্তিতা তৈরি করবে, যা বর্তমানে আমাদের তরুণ সমাজের নৈতিক অবক্ষয় রোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
৪. অবকাঠামোগত সংস্কার ও মাঠের অধিকার: এই দিবসের সবচেয়ে বড় প্রভাব হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কারে। বর্তমানে বাংলাদেশের অনেক নগরকেন্দ্রিক স্কুলে খেলার মাঠ নেই বললেই চলে। ক্রীড়া দিবসের তাৎপর্য অনুধাবন করে যদি সরকারিভাবে প্রতিটি স্কুলের জন্য মাঠ নিশ্চিত করার আইনি বাধ্যবাধকতা তৈরি করা হয়, তবে তা হবে শিক্ষা সংস্কারের ইতিহাসে এক মাইলফলক। শিক্ষা কেবল বইয়ের পাতায় নয়, বরং উন্মুক্ত আকাশের নিচেও ঘটে—এই চেতনা জাগ্রত করাই এই দিবসের মূল সার্থকতা।
উন্নত বিশ্বে যখন খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা হয়, আমাদের দেশে সেখানে স্কুল পর্যায়ে ক্রীড়া চর্চা দিন দিন সংকুচিত হচ্ছে। এর পেছনে বেশ কিছু কাঠামোগত ও সামাজিক চ্যালেঞ্জ বিদ্যমান:
১. খেলার মাঠের চরম সংকট: শহরাঞ্চলের স্কুলগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো নিজস্ব মাঠের অভাব। অনেক স্কুল এখন বহুতল ভবনের ফ্ল্যাটে সীমাবদ্ধ। পর্যাপ্ত জায়গা না থাকায় শিক্ষার্থীরা শরীরচর্চা বা বড় কোনো আউটডোর গেম খেলার সুযোগ পায় না। এমনকি অনেক সরকারি স্কুলের মাঠও দখল বা রক্ষণাবেক্ষণের অভাবে খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে।
২. প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাব: আগে শিক্ষা মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের মধ্যে যে সমন্বয় ছিল, বর্তমানে তা অনেকটাই শিথিল। আন্তঃস্কুল টুর্নামেন্ট বা জেলা পর্যায়ের প্রতিযোগিতাগুলো এখন আর নিয়মিত কিংবা জাঁকজমকপূর্ণভাবে হয় না। ক্রীড়া পরিদপ্তরের ভূমিকা স্কুল কারিকুলামে নামমাত্র পর্যায়ে এসে ঠেকেছে।
৩. জিপিএ-৫ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা: সামাজিকভাবে আমরা এখন কেবল ‘একাডেমিক রেজাল্ট’ বা জিপিএ-৫-এর পেছনে ছুটছি। অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে এই ধারণা প্রবল যে, খেলাধুলা করলে পড়াশোনার ক্ষতি হয়। এই ‘পড়াশোনার চাপ’ শিক্ষার্থীদের শৈশবকে চার দেয়ালের মাঝে বন্দি করে ফেলেছে, যার ফলে শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
৪. বাজেটের অপ্রতুলতা ও সরঞ্জাম সংকট: অধিকাংশ স্কুলে ক্রীড়া খাতের জন্য বরাদ্দ খুবই নগণ্য। মানসম্মত ফুটবল, ক্রিকেট গিয়ার, অ্যাথলেটিক্স সরঞ্জাম কিংবা একজন দক্ষ ক্রীড়া শিক্ষকের (Physical Education Instructor) অভাব প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই লক্ষণীয়। দক্ষ প্রশিক্ষকের অভাবে শিক্ষার্থীদের সঠিক টেকনিক শেখানো সম্ভব হয় না।
৫. প্রযুক্তির আসক্তি ও শারীরিক নিষ্ক্রিয়তা: স্মার্টফোন এবং ভিডিও গেমসের প্রতি অতিরিক্ত আসক্তি শিক্ষার্থীদের মাঠ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। স্কুল পর্যায়ে আকর্ষণীয় ক্রীড়া কর্মসূচী না থাকায় শিক্ষার্থীরা অবসর সময়ে শারীরিক পরিশ্রমের চেয়ে ভার্চুয়াল জগতেই বেশি সময় কাটাচ্ছে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।
৬. জেলা ও উপজেলা ক্রীড়া অফিসের নিষ্ক্রিয়তা: এক সময় জেলা ক্রীড়া অফিসগুলো তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে যে সক্রিয় ভূমিকা পালন করত, বর্তমানে তা অনেকাংশেই স্তিমিত। সঠিক তদারকি ও নিয়মিত লিগ বা টুর্নামেন্টের অভাবে প্রতিভাবান কিশোররা মাঝপথেই ঝরে পড়ছে।
স্কুল শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও শারীরিক শিক্ষার প্রসারে এক বুক আশা নিয়ে যাত্রা শুরু করেছিল ‘ক্রীড়া পরিদপ্তর’। তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের (সংস্কৃতি ও ক্রীড়া বিভাগ) অধীনে এর প্রতিষ্ঠার মূল দর্শনই ছিল কেবল শ্রেণিকক্ষ নয়, খেলার মাঠকেও মানুষ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলা। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের যুবসমাজকে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্ববোধে দীক্ষিত করে একটি সুস্থ-সবল জাতি গঠনের গুরুদায়িত্ব ছিল এই দপ্তরের কাঁধে। প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য ছিল অত্যন্ত স্বচ্ছ—স্কুল-কলেজ পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয় সাধন এবং দেশজুড়ে একটি জোরালো ক্রীড়া আন্দোলন গড়ে তোলা। কিন্তু কালের বিবর্তনে সেই সুদূরপ্রসারী লক্ষ্যগুলো আজ কেবল কাগুজে দলিলেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।
১৯৮৪ সালে ক্রীড়া পরিদপ্তরসহ যুব ও ক্রীড়া বিষয়গুলোকে একীভূত করে একটি স্বতন্ত্র ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়’ গঠন করার পর থেকেই সংস্থাটি তার কক্ষপথ থেকে বিচ্যুত হতে শুরু করে। আমাদের দেশের প্রশাসনিক কাঠামোর চিরচেনা রোগ ‘আন্তঃমন্ত্রণালয় সমন্বয়হীনতা’র কবলে পড়ে পরিদপ্তরটি আজ তার কার্যকারিতা হারিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যকার রশি টানাটানি আর আমলাতান্ত্রিক জটিলতায় মাঝপথে আটকে গেছে স্কুল ক্রীড়ার উন্নয়ন। অথচ এক সময় জেলা ও উপজেলা পর্যায়ে ‘চার ফুট দশ ইঞ্চি’ ফুটবল লিগ কিংবা ‘এরশাদ কাপ’-এর মতো জনপ্রিয় সব আসর মাঠ কাঁপাত। ক্রিকেটের প্রসারে ‘নির্মাণ স্কুল ক্রিকেট’ ছিল এক কিংবদন্তিতুল্য উদ্যোগ, যার অংশ হিসেবে আমি নিজেও মুন্সিগঞ্জ জেলা দলের হয়ে লড়েছি। কিন্তু সেই গৌরবোজ্জ্বল প্রভাব আজ ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে; বর্তমান শিক্ষা ব্যবস্থায় এর ছিটেফোঁটা প্রতিফলনও আর খুঁজে পাওয়া যায় না।
বর্তমানে এই পরিদপ্তরের অধীনে ৬৪টি জেলায় ৬৪টি জেলা ক্রীড়া অফিস এবং ৬টি সরকারি শারীরিক শিক্ষা কলেজ থাকলেও সেগুলোর কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। মাঠ পর্যায়ে জেলা দপ্তরগুলো এখন এক প্রকার স্থবির হয়ে পড়েছে। পর্যাপ্ত বাজেট, সৃজনশীল পরিকল্পনা এবং কেন্দ্রীয় তদারকির অভাবে মাঠের কাজ ছেড়ে এই দপ্তরের কর্মকর্তাদের অধিকাংশ সময় অলস বসে পার করতে হয়। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের যে জোয়ার এক সময় জেলা পর্যায়ে দেখা যেত, তা এখন আমলাতান্ত্রিক ফাইলের স্তূপ আর অযৌক্তিক নীতিনির্ধারণীর নিচে চাপা পড়ে গেছে। ফলে স্কুল পর্যায়ে ক্রীড়া শিক্ষার প্রসারে যে বলিষ্ঠ ভূমিকা পালনের কথা ছিল ক্রীড়া পরিদপ্তরের, তা আজ চরম সমন্বয়হীনতা আর নিষ্ক্রিয়তার এক করুণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
উপরের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে কেবল ক্রীড়া মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। স্কুল কারিকুলামে খেলাধুলাকে বাধ্যতামূলক করে এবং পর্যাপ্ত অবকাঠামো নিশ্চিত করার মাধ্যমেই কেবল হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব।
কিন্ডারগার্টেন পদ্ধতির জনক প্রখ্যাত শিক্ষাবিদ ফ্রেডরিখ ফ্রোয়েবল বলেছিলেন:
"শিশুদের খেলাধুলা কেবল বিনোদন নয়; এটি তাদের একান্ত সাধনা। শৈশবের খেলাধুলাই হলো মানুষের মেধার বিশুদ্ধতম প্রকাশ... কারণ এতেই একজন পূর্ণাঙ্গ মানুষের শ্রেষ্ঠ সক্ষমতা এবং তার অন্তর্নিহিত সত্তার প্রতিফলন ঘটে। [The play of children is not recreation; it means earnest work. Play is the purest intellectual production of the human being, in this stage … for the whole man is visible in them, in his finestcapacities, in his innermost being.]"
বাস্তবেও শিশুদের প্রধান কাজই হচ্ছে খেলা। এই দর্শনের ওপর ভিত্তি করেই উন্নত বিশ্বের স্কুল কারিকুলামে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমাদের চিত্রটি ঠিক উল্টো। উর্বর মস্তিষ্কের ‘বিশেষজ্ঞ’ দিয়ে ভরা এই দেশে শিক্ষা মানেই কেবল পুথিগত জ্ঞানার্জন। এখানে খেলাধুলাকে দেখা হয় স্রেফ সময় নষ্ট হিসেবে। উন্নত বিশ্বের আদলে একটি আধুনিক শিক্ষাক্রম কেমন হওয়া উচিত এবং আমাদের যাপিত অভিজ্ঞতার আলোকে তার রূপরেখা নিচে তুলে ধরা হলো:
১. কেবল পড়াশোনা নয়, পূর্ণাঙ্গ মানুষ গড়া: উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থায় এখন আর বইয়ের বোঝা চাপিয়ে দেওয়ার প্রথা নেই। সেখানে একজন শিক্ষার্থীকে কেবল ‘অ্যাকাডেমিক’ মেধাবী হিসেবে নয়, বরং একজন সুঠাম ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। ফিনল্যান্ড থেকে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া—সব দেশেই কারিকুলামের অবিচ্ছেদ্য অংশ হলো খেলাধুলা।
২. ফিনল্যান্ড মডেল: বিরতির মাধ্যমেই শিখন:বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা ফিনল্যান্ডের। সেখানে প্রতি ৪৫ মিনিট পাঠদানের পর ১৫ মিনিটের একটি বিরতি বাধ্যতামূলক, যেখানে শিক্ষার্থীরা দৌড়ঝাঁপ বা খেলাধুলা করে। তাদের মতে, খেলাধুলা মস্তিষ্কের নিউরনগুলোকে সচল করে, যা কঠিন বিষয় সহজে বুঝতে সাহায্য করে।
৩. মার্কিন যুক্তরাষ্ট্র ও অ্যাথলেটিক্সের ভিত্তি: আমেরিকার স্কুল লেভেল থেকেই 'স্টুডেন্ট-অ্যাথলিট' ধারণাটি অত্যন্ত জনপ্রিয়। সেখানে শারীরিক শিক্ষা (Physical Education) বা P.E. ক্লাসকে গণিত বা বিজ্ঞানের মতোই গুরুত্ব দেওয়া হয়। বাস্কেটবল, আমেরিকান ফুটবল বা সাঁতারে ভালো করলে উচ্চশিক্ষায় বড় ধরনের স্কলারশিপের সুযোগ থাকে, যা শিক্ষার্থীদের পেশাদার অ্যাথলেট হতে উৎসাহিত করে।
৪. জাপানিজ শিক্ষা: শৃঙ্খলা ও দলগত সংহতি:জাপানের স্কুলগুলোতে খেলাধুলাকে দেখা হয় চারিত্রিক গুণাবলি অর্জনের মাধ্যম হিসেবে। সেখানে 'আনডোকাই' (Undokai) বা বার্ষিক ক্রীড়া উৎসব অত্যন্ত মর্যাদার। হার-জিতের চেয়েও এখানে ‘টিমওয়ার্ক’ এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা বা ‘স্পোর্টসম্যানশিপ’ শেখানো হয়।
৫. শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মেলবন্ধন: গবেষণায় দেখা গেছে, নিয়মিত খেলাধুলা করা শিক্ষার্থীদের মধ্যে বিষণ্নতার হার অনেক কম। খেলাধুলার মাধ্যমে শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা মানসিক চাপ কমায়। এছাড়া স্থূলতা (Obesity) রোধে উন্নত দেশগুলোর কারিকুলামে নিয়মিত অ্যাথলেটিক্স ও যোগব্যায়াম অন্তর্ভুক্ত করা হয়েছে।
৬. নেতৃত্বের গুণাবলি ও সিদ্ধান্ত গ্রহণ: মাঠের খেলা একজন শিক্ষার্থীকে দ্রুত সিদ্ধান্ত নিতে শেখায়। প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে ধৈর্য ধরতে হয় এবং দলের সবাইকে নিয়ে কীভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়, তা কোনো পাঠ্যবই ততটা কার্যকরভাবে শেখাতে পারে না, যতটা একটি ফুটবল বা ক্রিকেট ম্যাচ পারে।
একজন সাবেক খেলোয়াড় হিসেবে পেছনে ফিরে তাকালে আজ খুব আক্ষেপ হয়। আমি যখন মুন্সিগঞ্জ জেলা দলের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতাম, তখন মাঠের সেই উন্মাদনা ছিল দেখার মতো। সেই সময় ক্রীড়া পরিদপ্তরের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল। আমাদের জন্য নিয়মিত আয়োজন করা হতো 'চার ফুট দশ ইঞ্চি' (উচ্চতা ভিত্তিক) ফুটবল লিগ, যা তৃণমূলের কিশোরদের জন্য ছিল স্বপ্নের মতো এক আসর।
বিশেষ করে 'এরশাদ কাপ'-এর মতো টুর্নামেন্টগুলো যখন হতো, তখন পুরো জেলা বা উপজেলা এক উৎসবের আমেজে মেতে উঠত। সেই টুর্নামেন্টগুলো থেকে যে শৃঙ্খলা, নেতৃত্ববোধ এবং লড়াই করার মানসিকতা আমরা শিখেছিলাম, তা কোনো ক্লাসরুম শেখাতে পারতো না। ক্রিকেটের প্রসারে 'নির্মাণ স্কুল ক্রিকেট' ছিল এক কিংবদন্তিতুল্য নাম, যেখান থেকে উঠে আসা ক্রিকেটাররা আজ আমাদের গর্ব।
কিন্তু আজ যখন বর্তমান স্কুলগুলোর দিকে তাকাই, তখন কেবল শূন্যতা দেখি। সেই 'চার ফুট দশ ইঞ্চি' লিগ আজ অতীত; নেই তৃণমূল পর্যায়ের নিয়মিত প্রতিভা অন্বেষণ। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমার সেই সোনালি সময়ের কথা শুনলে হয়তো রূপকথার গল্প মনে করবে। মাঠের সেই ধুলোবালি, জেতার অদম্য স্পৃহা আর জেলা দলের জার্সির সেই গর্ব আজ হারিয়ে গেছে। ক্রীড়া পরিদপ্তরের যে প্রভাব স্কুল পর্যায়ে আমরা দেখেছি, তা আজ কেবল কাগুজে দলিলেই সীমাবদ্ধ। এই শূন্যতা কেবল খেলার মাঠের নয়, বরং একটি সুস্থ ও প্রাণবন্ত প্রজন্মের ভবিষ্যতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
পাহাড়ের চূড়ায় আরোহণকারী পর্বতারোহী থেকে শুরু করে শৈশবের ধুলোমাখা মাঠের কিশোর—সবার জন্য ক্রীড়া বয়ে আনে সমতার বার্তা। ২০২৬ সালের এই প্রেক্ষাপট আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের তৈরি কৃত্রিম দেয়ালগুলো গুঁড়িয়ে দেওয়ার জন্য একটি ব্যাট, একটি বল কিংবা এক জোড়া দৌড়ের জুতোই যথেষ্ট। যখন আমরা খেলি, তখন আমরা কেবল প্রতিদ্বন্দ্বী নই, আমরা একটি বৈশ্বিক পরিবারের সদস্য। আর এই সম্প্রীতির সেতুবন্ধই হোক আগামী পৃথিবীর মূল ভিত্তি।
আমাদের অঙ্গীকার হোক—শিক্ষা ব্যবস্থাকে কেবল চার দেয়ালের গণ্ডি থেকে মুক্ত করে উন্মুক্ত সবুজ মাঠে নিয়ে যাওয়া। ঘুণে ধরা এই সমাজকে বাঁচাতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ নিশ্চিত করতে হবে। জিপিএ-৫ পাওয়ার ইঁদুর দৌড় থামিয়ে কিশোরদের হাতে তুলে দিতে হবে বল কিংবা ব্যাট।
শিক্ষাক্রমের সংস্কারে যখন ক্রীড়া তার যোগ্য মর্যাদা পাবে, তখনই কেবল একটি সুস্থ, সবল এবং নৈতিকভাবে শক্তিশালী প্রজন্ম গড়ে তোলা সম্ভব। আজকের এই জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস কেবল উদযাপনেই সীমাবদ্ধ না থেকে হোক সমাজ পরিবর্তনের এক দৃপ্ত শপথ।
পরিশেষে, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আমাদের এই বার্তাই দেয় যে, শিক্ষাকে যদি আমরা পূর্ণাঙ্গ রূপ দিতে চাই, তবে মাঠ আর ক্লাসরুমকে এক সুতোয় বাঁধতে হবে। একটি সুস্থ ও সবল জাতি গঠনের জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কারে ক্রীড়াকে কেবল 'অতিরিক্ত' কাজ হিসেবে নয়, বরং 'অপরিহার্য' অংশ হিসেবে গ্রহণ করা এখন সময়ের দাবি।
মাঠ ফিরুক শৈশবে, প্রাণ ফিরুক সমাজে।
নিচের বিষয়গুলো নিয়ে সচেতনদের একটু চিন্তার অনুরোধ করছি (যদি আমরা আগামীর উন্নত বাংলাদেশ চাই):
✍️ –অধ্যাপক ড. মাহবুব লিটু, উপদেষ্টা সম্পাদক, অধিকারপত্র (odhikarpatranews@gmail.com)
#স্কুলক্রীড়া #শিক্ষাসংকট #শিক্ষা-সংস্কার #খেলার_মাঠ_ফিরে_চাই, #শিক্ষা_সংস্কার, #জিপিএ_সংস্কৃতি, #মানবিক_শিক্ষা, #ক্রীড়া_দিবস, #মাঠ_থেকে_মানুষ, #তরুণ_সমাজ, #মানসিক_স্বাস্থ্য, #সমাজ_পরিবর্তন, #বাংলাদেশ_শিক্ষা, #SportForDevelopment, #EducationReform, #BeyondGPA, #MentalHealthMatters, #PlayToLearn, #SDG2030, #YouthDevelopment, #BuildBridges, #SportsForChange