04/09/2026 সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা: সিরাজদিখান প্রেসক্লাবে মানববন্ধন
odhikarpatra
৯ April ২০২৬ ১৯:৫৫
প্রতিবেদক:অধিকার পত্র , সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
তারিখ: ০৯ এপ্রিল ২০২৬
বার: বৃহস্পতিবার
সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান প্রেসক্লাব-এর আয়োজনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ প্রকাশ করেন এনটিভি-এর স্টাফ করেসপন্ডেন্ট ও “মুন্সীগঞ্জের সময়” পত্রিকার সম্পাদক মাইনুদ্দিন সুমন এবং বাংলাদেশ প্রতিদিন-এর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভ। এর জেরে তাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতার অংশ। অথচ সত্য প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।
বক্তারা অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান রিপোর্টার ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।