05/06/2026 সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের গলায় মেলার দড়ি, টাঙ্গাইলে ক্ষোভ
odhikarpatra
৫ May ২০২৬ ১৯:২৮
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্য ঘিরে অবমাননার অভিযোগ উঠেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত একটি মেলায় স্টল নির্মাণের জন্য ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে কাঠ টাঙানো হয়েছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এ মেলা উপলক্ষে পুরো উদ্যানে বিভিন্ন স্টল নির্মাণ করা হয়। ভাস্কর্যগুলোর সামনেও স্টল বসানো হয়। গত ২৪ এপ্রিল মেলার উদ্বোধন করা হয়।
রোববার (৩ মে) রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে স্টলের কাঠামো স্থাপন করা হয়েছে। এমনকি সেই দড়িতে কাপড় শুকাতেও দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।
ছবিটি ভাইরাল হওয়ার পর ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই এটিকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরশ্রেষ্ঠদের প্রতি চরম অবমাননা হিসেবে উল্লেখ করেন। স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকরা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিসিকের টাঙ্গাইল জেলার সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম জানান, কে বা কারা এ কাজ করেছেন তা নিশ্চিত নয়। বিষয়টি নজরে আসার পরপরই সংশ্লিষ্ট দড়ি খুলে ফেলা হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।