05/09/2026 ইয়িলদিরিমহান’ উন্মোচন: তুরস্কের প্রথম আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে বিশ্বজুড়ে আলোচনা
odhikarpatra
৮ May ২০২৬ ২৩:৫৯
আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্ক প্রথমবারের মতো তাদের আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইয়িলদিরিমহান’ প্রকাশ্যে প্রদর্শন করেছে। শব্দের গতির চেয়েও ২৫ গুণ বেশি গতিসম্পন্ন বলে দাবি করা এ ক্ষেপণাস্ত্রকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
গত ৫ মে ইস্তানবুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প প্রদর্শনী ‘সাহা এক্সপো’-তে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্রটি প্রদর্শনের জন্য আনা হয়। প্রদর্শনী চলবে ৯ মে পর্যন্ত।
তুর্কি ভাষায় ‘ইয়িলদিরিম’ অর্থ বজ্র, আর ‘ইয়িলদিরিমহান’ অর্থ ‘বজ্রের শাসক’।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের তৈরি এ ক্ষেপণাস্ত্রের এক পাশে অটোমান সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম এবং উপরের অংশে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তাফা কামাল আতাতুর্কের প্রতীক খোদাই করা রয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসির গুলের এক বিবৃতিতে বলেন, এটি দেশটির প্রথম তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র এবং এতে হাইপারসনিক প্রযুক্তির বৈশিষ্ট্য রয়েছে। একইসঙ্গে এটিকে তুরস্কের সবচেয়ে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বলেও উল্লেখ করেন তিনি।
প্রদর্শনীতে দেওয়া তথ্য অনুযায়ী, ‘ইয়িলদিরিমহান’-এর পাল্লা সর্বোচ্চ ছয় হাজার কিলোমিটার। এতে চারটি রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটি শব্দের গতির তুলনায় ২৫ গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটিতে তরল নাইট্রোজেন টেট্রঅক্সাইড জ্বালানি ব্যবহার করা হবে।
তবে ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত তথ্য এখনো সীমিত আকারে প্রকাশ করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প বিশেষ করে ড্রোন ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কারণে আন্তর্জাতিকভাবে ব্যাপক মনোযোগ কাড়ছে।
গত বছর তুরস্ক ‘টাইফুন ব্লক-৪’ নামে আরেকটি দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে। নির্মাতা প্রতিষ্ঠান রকেটসানের তথ্যমতে, টাইফুন সিরিজের কিছু সংস্করণের পাল্লা এক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়।
এছাড়া ‘জাংক’ নামের মাঝারি পাল্লার আরেকটি ক্ষেপণাস্ত্র নিয়েও কাজ করছে দেশটি, যার সম্ভাব্য পাল্লা দুই হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চুক্তির কারণে অনেক দেশ দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রকৃত সক্ষমতা প্রকাশ করে না। ফলে ঘোষিত পাল্লার চেয়ে বাস্তব সক্ষমতা আরও বেশি হতে পারে বলেও ধারণা করা হয়।
আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এমন অস্ত্র, যা অত্যন্ত দীর্ঘ দূরত্বে আঘাত হানতে সক্ষম। অনেক ক্ষেত্রে একটি ক্ষেপণাস্ত্র একাধিক ওয়ারহেড বহন করতে পারে এবং একইসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন ছাড়াও ভারত, উত্তর কোরিয়া, ইসরায়েল, ইরান, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো দেশগুলোর কাছেও বিভিন্ন মাত্রায় আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে।