05/11/2026 হান্টাভাইরাস আতঙ্কে স্পেনে প্রমোদতরী থেকে যাত্রী সরিয়ে নেওয়া শুরু
odhikarpatra
১০ May ২০২৬ ১৮:৩৪
আন্তর্জাতিক ডেস্ক:
হান্টাভাইরাসে আক্রান্ত সন্দেহে ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফ উপকূলে নোঙর করা একটি প্রমোদতরী থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া শুরু করেছে স্পেন। এমএস হন্ডিয়াস নামের ওই জাহাজে থাকা যাত্রীদের বিশেষ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং এখন পর্যন্ত যাত্রীদের শরীরে ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো অভিযান পরিচালনা করা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধির আওতায়।
জাহাজ থেকে তীরে আনার সময় যাত্রীদের ছোট ছোট দলে ভাগ করা হয়। পরে তাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হলে বিশেষ সুরক্ষা পোশাক বা হ্যাজম্যাট স্যুট পরানো হয়। বিমানে ওঠার আগে জীবাণুনাশক পানি ছিটিয়ে তাদের জীবাণুমুক্ত করার ব্যবস্থাও নেওয়া হয়।
প্রথম দফায় স্পেনের ১৪ জন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর নেদারল্যান্ডস, গ্রিস ও জার্মানির যাত্রীদের ফেরানোর প্রস্তুতি নেওয়া হয়। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নাগরিকদের জন্যও পৃথক চার্টার্ড ফ্লাইট প্রস্তুত রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সবশেষ ফ্লাইটটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে সোমবার ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
উদ্ধার অভিযানের সময় ধারণ করা ভিডিও ও ছবিতে দেখা যায়, অনেক যাত্রী জাহাজের ডেক ও জানালার পাশে সাদা মেডিকেল মাস্ক পরে অবস্থান করছেন। উদ্ধারকারী নৌকায়ও সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায় এবং কিছু ক্ষেত্রে এটি মারাত্মক শ্বাসতন্ত্রের জটিলতা তৈরি করতে পারে। যদিও এখন পর্যন্ত জাহাজের কারও শরীরে উপসর্গ পাওয়া যায়নি, তবুও আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার অংশ হিসেবে স্পেন সরকার বাড়তি সতর্কতা অবলম্বন করছে।