05/11/2026 অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
odhikarpatra
১০ May ২০২৬ ১৯:০৯
বিশেষ প্রতিনিধি:
ঢাকা: দেশের বিভিন্ন বিভাগে নির্মাণ শেষে দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী ২ জুনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় প্রায় ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক শিশু হাসপাতাল ভবনগুলো বছরের পর বছর ব্যবহারহীন অবস্থায় রয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি জরুরি বৈঠক আহ্বান করেন।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী অবিলম্বে হাসপাতালগুলো পরিদর্শন করে চালুর উপযোগী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুত চালুর ওপরও গুরুত্বারোপ করেন।
এছাড়া রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে নীলফামারীতে নির্মাণাধীন ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসা অবকাঠামোর ঘাটতি ও দক্ষ জনবলের সংকট মোকাবিলায় নীলফামারীর এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাসপাতালটি চালু হলে রংপুর বিভাগসহ আশপাশের প্রায় দুই কোটি মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।