05/16/2026 সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে কিন্তু: জামায়াত আমির
odhikarpatra
১৫ May ২০২৬ ২২:৪৯
রংপুরে জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় এসেছে এবং এজন্য দলটির নেতাকর্মীদের আরও সতর্কভাবে চলতে হবে।
শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দুইটা সার্চলাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তায়ালার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে, যেন কোনও দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি, দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে কিন্তু।”
জামায়াত আমির আরও বলেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে দেশ, জাতি ও দ্বীন নিরাপদ থাকবে। এজন্য নেতাকর্মীদের লেনদেন ও আচার-আচরণে আগের চেয়ে বেশি সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “এর আগে কখনও আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন—এটা কেউ মনে করতো না। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চলাইট দিয়ে দেখা হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম। এসময় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন এবং অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল।
এর আগে সকাল ৯টায় একদিনের সফরে রংপুরে পৌঁছান ডা. শফিকুর রহমান। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলনে যোগ দেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধনের পর বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
#জামায়াত_ইসলামী #ডা_শফিকুর_রহমান #রংপুর #রাজনীতি #বাংলাদেশ
কীওয়ার্ড: জামায়াত আমির, ডা. শফিকুর রহমান, রংপুর সম্মেলন, জামায়াত রাজনীতি, নেতাকর্মীদের সতর্কতা, রংপুর-দিনাজপুর অঞ্চল, বাংলাদেশ রাজনীতি