05/16/2026 সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী
odhikarpatra
১৬ May ২০২৬ ১৯:৪২
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১৯:২৪ |
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কেউ বাধা সৃষ্টি করার চেষ্টা করলে দেশের জনগণই তা প্রতিহত করবে।
তিনি বলেন, “জনগণ যতক্ষণ সমর্থন দেবে, আমরা বিএনপি জনগণের জন্য এবং দেশের জন্য কাজ করে যাব। এর থেকে এক বিন্দুও এদিক-ওদিক হবে না।”
শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকার নির্বাচনি ইশতেহারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানি ভাতা প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি চালুর পর একটি মহল বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।
তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ সচেতনভাবেই বিএনপির পক্ষে রায় দিয়েছে। জনগণের সেই সমর্থনের ভিত্তিতেই আমরা ধাপে ধাপে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব।”
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের জীবনমান উন্নয়নে যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেজন্য সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
দেশ পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সামনে একটাই লক্ষ্য—দেশকে পুনর্গঠন করা এবং মানুষের ভাগ্যের পরিবর্তন করা। জনগণকে সঙ্গে নিয়েই আমরা সেই কাজ শুরু করেছি।”
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও প্রত্যাশিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বক্তব্য রাখেন।
এর আগে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।