07/04/2026 দিল্লির চলন্ত বাসে নারী নির্যাতন: ‘আমাকে ছেড়ে দিন, অভিযোগ করব না’
odhikarpatra
১৯ May ২০২৬ ২৩:০০
অধিকারপত্র ডটকম : মঙ্গলবার | ১৯ মে ২০২৬ |
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভয়াবহ বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী নারী। তিনি জানিয়েছেন, অসুস্থ স্বামী ও তিন ছোট মেয়ের কথা বলে অভিযুক্তদের কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ১২ মে দিল্লিতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দুজনই উত্তরপ্রদেশের বাসিন্দা।
ভুক্তভোগী নারী জানান, তিনি সুলতানপুরী এলাকায় তার ভাইয়ের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। তখন একটি বেসরকারি বাস এসে থামে। বাসের ভেতরে থাকা এক ব্যক্তির কাছে সময় জানতে চাইলে তাকে বাসে উঠতে বলা হয়।
তিনি বাসে ওঠার পরপরই তাকে জোর করে ভেতরের দিকে নিয়ে যাওয়া হয় এবং বাস চলতে শুরু করে। অভিযোগ অনুযায়ী, বাসের পেছনের অংশে তাকে ধর্ষণ করা হয়। পরে বাসটি নাংলোই রেলস্টেশনের কাছে থামিয়ে চালকও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তিনি অভিযুক্তদের বলেন যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না, শুধু তাকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু এরপরও নির্যাতন চলতে থাকে।
পরে সুযোগ পেয়ে তিনি পুলিশকে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কন্ডাক্টরকে আটক করে। তবে অন্য কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে। আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং তার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
Delhi Police জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।