05/24/2026 নারায়ণগঞ্জে রেস্টুরেন্টে যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠক’, আটক ৩
odhikarpatra
২৩ May ২০২৬ ২৩:০৫
প্রকাশিতঃ ২৩ মে ২০২৬ অধিকারপত্র ডটকম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক তিনজনই আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারী বলে জানা গেছে।
শুক্রবার (২২ মে) বিকালে চাষাঢ়ার ‘গ্র্যান্ড হল রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
আটক তিনজন হলেন— খোরশেদ আলম অপু, মেহেদী ও সোহেল। তাদের মধ্যে খোরশেদ আলম অপু চাঁদপুর জেলার মতলব থানাধীন ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মেহেদী ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।
জানা গেছে, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার ছেলের সঙ্গে তাদের একাধিক ছবি রয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার হত্যা মামলার দুটি ঘটনায় তারা এজাহারনামীয় আসামি বলেও অভিযোগ রয়েছে।
শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলামী ছাত্রশিবির, এনসিপি ও তাদের ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা চাষাঢ়ার একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’ চলছে বলে স্ট্যাটাস দেন। পরে খবর পেয়ে ‘গ্র্যান্ড হল রেস্টুরেন্ট’-এ অভিযান চালায় পুলিশ।
এ বিষয়ে মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান গণমাধ্যমকে বলেন,
“চাষাঢ়ায় মূলত চাঁদপুরের একটি সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তবে এর মধ্যে নারায়ণগঞ্জের নেতাকর্মীরাও ছিল। চাঁদপুরের এক ভাইয়ের কিছু গ্রুপ থেকে বিষয়টি জানানো হয়। পরে আমরা প্রশাসনকে অবহিত করি।”
পুলিশের অভিযানের সময় সেখানে উপস্থিত থাকা এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান বলেন,
“নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপনে বৈঠকের চেষ্টা করেছিলেন। তারা যুবলীগের একটি কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে ফুল নিয়েও এসেছিলেন। প্রথমে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্টে’ যাওয়ার পরিকল্পনা ছিল। পরে বিষয়টি ফাঁস হয়ে গেছে বুঝতে পেরে স্থান পরিবর্তন করা হয়।”
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন,
“চাষাঢ়ার একটি রেস্টুরেন্টে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মীদের গোপন মিটিং চলছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে বলে জানা গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
#হ্যাশট্যাগ
#নারায়ণগঞ্জ #ছাত্রলীগ #যুবলীগ #গোপনবৈঠক #পুলিশঅভিযান #চাষাঢ়া #আটক #বাংলাদেশরাজনীতি