05/25/2026 পাবনায় প্রস্তাবিত ‘মেগা সংযোগ’ প্রকল্প, বদলে যেতে পারে দেশের যোগাযোগ ব্যবস্থা
odhikarpatra
২৫ May ২০২৬ ১৭:৩৮
প্রকাশ: ২৫ মে ২০২৬, অধিকার পত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক:
দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে পাবনা কেন্দ্রিক দুটি অবকাঠামো প্রস্তাব। প্রস্তাব দুটি হলো—‘ওয়াই-প্যাটার্ন সেতু’ এবং ‘দ্বিতীয় পদ্মা ব্যারেজ’। বিষয়গুলো জাতীয় সংসদে উত্থাপনের পর প্রশাসনিক ও নীতিনির্ধারণী পর্যায়ে তা গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস গত ৬ এপ্রিল জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে এ দুটি প্রকল্পের প্রস্তাব উপস্থাপন করেন। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দেশের দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং সড়ক যোগাযোগে নতুন গতি আনতে এই প্রকল্পগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রস্তাবিত ‘ওয়াই-প্যাটার্ন সেতু’ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে বিকল্প ও দ্রুত সংযোগ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে উত্তরাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াতে সময় ও ব্যয় কমে আসতে পারে।
অন্যদিকে ‘দ্বিতীয় পদ্মা ব্যারেজ’ প্রকল্পের মাধ্যমে শুধু যোগাযোগ নয়, সেচব্যবস্থা, পানি নিয়ন্ত্রণ ও কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, প্রকল্প দুটি এখনো প্রাথমিক আলোচনা পর্যায়ে থাকলেও সম্ভাব্যতা যাচাই ও কারিগরি বিশ্লেষণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সরকারের উচ্চপর্যায় থেকেও বিষয়টির প্রতি আগ্রহ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একটি অংশ মনে করছেন, এ ধরনের বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হলে পাবনাকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠতে পারে। একই সঙ্গে শিল্পায়ন, পর্যটন ও বিনিয়োগেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
বিশেষজ্ঞদের মতে, দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা গেলে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।