05/28/2026 রয়টার্স-এএফপিতে জায়গা পাওয়া ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দিচ্ছে না সরকার
Special Correspondent
২৭ May ২০২৬ ২৩:২০
নিউজ ডেস্ক | অধিকারপত্র
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে ব্যাপক সাড়া জাগানো অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। মহিষটিকে ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং বিরল প্রজাতির এই প্রাণীটিকে সংরক্ষণের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিশেষ হস্তক্ষেপে এটিকে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। আজ বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরার রসুলপুর এলাকার ক্রেতার বাড়ি থেকে মহিষটিকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
ক্রেতার বাড়ি থেকে থানা হেফাজতে ‘ডোনাল্ড ট্রাম্প’
জানা গেছে, গত রোজার ঈদের কিছুদিন পর নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকায় মহিষটি কিনে নেন কেরানীগঞ্জের ব্যবসায়ী ফরিদুজ্জামান স্মরণ (মনিরুজ্জামান)। গত ২৫ মে (সোমবার) মহিষটিকে কেরানীগঞ্জের নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি। সাদা চামড়া, হালকা গোলাপি চোখ ও সোনালী চুলের কারণে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মিল রেখে ফার্মের মালিকের ছোট ভাই শখ করে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
বাড়িতে আনার পর থেকেই এই বিরল মহিষটি দেখতে হাজারো উৎসুক জনতা ভিড় জমাতে থাকে। দর্শনার্থীদের অতিরিক্ত চাপের কারণে একপর্যায়ে মালিক এটিকে ঘরের ভেতর বেঁধে রাখতে বাধ্য হন। আজ বিকেলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওপরের নির্দেশনার কথা জানিয়ে মহিষটি থানায় নিয়ে আসার অনুরোধ করা হলে মালিক মনিরুজ্জামান তাতে সম্মতি জানান এবং থানায় পৌঁছে দেন। মহিষের মালিক মনিরুজ্জামান বলেন, সরকার থেকে লোক এসে বলেছে এটি নিয়ে যাবে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, তাই দিয়ে দিয়েছি। সরকার আমাদের পশুর দামের সমপরিমাণ টাকা অথবা কোরবানির জন্য অন্য গরু দেওয়ার আশ্বাস দিয়েছে।
বিশৃঙ্খলার শঙ্কায় নিজেই কিনে নিয়েছি— স্বরাষ্ট্রমন্ত্রী
ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষটিকে নিজেই কিনে নেওয়ার কথা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন: ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল হওয়া মহিষটি অত্যন্ত বিরল প্রজাতির। কোরবানির ঈদের আগে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
কোরবানির সময় একে ঘিরে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে— এই চিন্তা এবং জননিরাপত্তার কথা মাথায় রেখে মহিষটি আমি কিনে নিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রাণীটিকে আপাতত একটি খামারে বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং পরবর্তীতে এটিকে চিড়িয়াখানায় সংরক্ষণের পরিকল্পনা রয়েছে সরকারের।
থানা প্রাঙ্গণেও জনতার ঢল
মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসার পর সেখানেও এক নজর দেখার জন্য শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের ঢল নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে থানার প্রধান ফটক বন্ধ রাখার নির্দেশ দেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ। ওসি রুহুল কুদ্দুছ জানান, ওপরের নির্দেশনায় মহিষটিকে মালিকের বাসা থেকে আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী হওয়ায় পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হতে পারে।
আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড়
১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা এই অ্যালবিনো মহিষটি সংগ্রহ করেছিলেন। গত ১২ মে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে একে নিয়ে সংবাদ প্রকাশের পর এটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি রয়টার্স, এএফপি, দ্য টেলিগ্রাফ, দ্য মিরর, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর ও গালফ নিউজের মতো বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। অবশেষে কোরবানি থেকে রক্ষা পেয়ে সরকারি চিড়িয়াখানায় স্থায়ী ঠিকানা হতে যাচ্ছে বিশ্বখ্যাত এই ‘ডোনাল্ড ট্রাম্প’-এর।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র