07/27/2026 হামলার আশঙ্কায় আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল ইরান
odhikarpatra
১০ June ২০২৬ ২০:৪২
অধিকার পত্র ডটকম, আন্তর্জাতিক প্রতিনিধি :
তেহরান, ১১০ জুন : যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার আগে থেকেই সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছিল ইরান। দেশটির সামরিক ও নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েনের পর থেকেই তেহরান সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে বলেছে, নতুন করে কোনো মার্কিন হামলা হলে তার জবাব হবে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’। একই সঙ্গে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
এর মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালানোর কথা ঘোষণা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে। কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকলেও পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ।