06/12/2026 রাবিতে রানীক্ষেত রোগের ভ্যাকসিন ‘মাস্টার সীড’ হস্তান্তর
odhikarpatra
১১ June ২০২৬ ১৯:২৮
প্রকাশের তারিখ: ১১ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদ্ভাবিত মুরগির রানীক্ষেত রোগের ভ্যাকসিনের ‘মাস্টার সীড’ প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মো. আব্দুল আলিম, প্রফেসর মামুনুর রশীদ এবং প্রফেসর খন্দকার মো. মোজাফফর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ড. শশি আহমদ।
প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী এবং প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, ঢাকার রানীক্ষেত ভ্যাকসিন অনুবিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. তাহমিনা বেগম ভ্যাকসিনের ‘মাস্টার সীড’ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মুরগির রানীক্ষেত রোগের ভ্যাকসিন ‘মাস্টার সীড’ উদ্ভাবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন মৌলিক গবেষণার একটি উজ্জ্বল উদাহরণ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতি বছর দেশে পোল্ট্রি খাতে যে প্রাণহানি ঘটে, এই ভ্যাকসিনের মাধ্যমে তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের যথেষ্ট সুযোগ রয়েছে। সরকারি ও বেসরকারি খাত উদ্ভাবনমূলক গবেষণায় এগিয়ে এলে বিশ্ববিদ্যালয়ে সফলভাবে গবেষণা সম্পন্ন করা সম্ভব হবে। এর ফলে দেশের প্রয়োজনীয় নানা উদ্ভাবন দেশেই তৈরি করা যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা।