06/15/2026 উচ্চশিক্ষার নেতৃত্বে আইইআরের তিন অধ্যাপক: দেশের শিক্ষাব্যবস্থায় নতুন দিগন্ত
Special Correspondent
১৪ June ২০২৬ ২১:৫০
নিউজ ডেস্ক | অধিকারপত্র
দেশের উচ্চশিক্ষা ও আবাসিক প্রশাসনের গুরুত্বপূর্ণ শীর্ষ পদে একসঙ্গে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) তিন বিশিষ্ট অধ্যাপক। ইনস্টিটিউটের ইতিহাসে এই প্রথম একই সঙ্গে এমন মেধা ও নেতৃত্বের স্বীকৃতিতে আনন্দ আর গৌরবের জোয়ার বইছে আইইআর পরিবারে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এখন বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে সম্প্রতি আইইআরের সামাজিক বিজ্ঞান শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ দেশের অন্যতম বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (উপ-উপাচার্য) হিসেবে যোগদান করেছেন। দীর্ঘদিন ধরে শিক্ষা, শিক্ষানীতি, শিক্ষা প্রশাসন ও গবেষণার ক্ষেত্রে তাঁর অবদান সর্বজনস্বীকৃত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব পর্যায়ে তাঁর অন্তর্ভুক্তি দেশের উচ্চশিক্ষা মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাউবির প্রো-ভিসি হিসেবে অধ্যাপক ড. সিরাজুল ইসলামের দায়িত্ব গ্রহণ
আইইআরের সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড টেকনোলজি (এসএমটি) বিভাগের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। উন্মুক্ত ও দূরশিক্ষণ ব্যবস্থার সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং শিক্ষার গণতন্ত্রীকরণের ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্ব এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছে শিক্ষা সংশ্লিষ্ট মহল।
মুহসীন হলের নতুন প্রভোস্ট অধ্যাপক শাহ শামীম আহমেদ
ইনস্টিটিউটের শিক্ষা গবেষণা বিভাগের অধ্যাপক শাহ শামীম আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শিক্ষকতা, গবেষণা ও শিক্ষার্থী কল্যাণে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা হল প্রশাসনকে আরও গতিশীল, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব করে তুলবে বলে সহকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রাতিষ্ঠানিক উৎকর্ষের এক ঐতিহাসিক প্রতিফলন
একই সময়ে তিন অধ্যাপকের এমন গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়াকে আইইআরের জন্য একটি বিশেষ ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন, এটি শুধু ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতিই নয় বরং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দীর্ঘদিনের একাডেমিক উৎকর্ষ, নেতৃত্ব বিকাশ এবং দক্ষ মানবসম্পদ তৈরির ধারাবাহিকতারই এক উজ্জ্বল প্রতিফলন।
আইইআর পরিবারের অভিনন্দন ও শুভকামনা
এই গৌরবময় অর্জনে আইইআর পরিবারের সদস্যরা নবনিযুক্ত তিন অধ্যাপককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন নতুন কর্মক্ষেত্রে তাঁদের দূরদর্শী নেতৃত্ব, পেশাগত দক্ষতা এবং শিক্ষার সার্বিক উন্নয়নের প্রতি অঙ্গীকার দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে। একই সঙ্গে তাঁদের এই সাফল্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক-গবেষকদের জন্য এক বড় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে দেশের শিক্ষাব্যবস্থার রূপান্তর, গবেষণার বিকাশ এবং মানসম্মত একাডেমিক নেতৃত্ব গঠনে এই তিন শিক্ষাবিদ অনন্য অবদান রাখবেন। তাঁদের এই সাফল্যে গর্বিত আইইআর পরিবার আগামী দিনেও জাতীয় পর্যায়ে শিক্ষা, গবেষণা ও নেতৃত্বের উৎকর্ষ সাধনে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র