07/04/2026 অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ে , শেষ ষোলোয় আর্জেন্টিনা
odhikarpatra
৪ July ২০২৬ ১৫:০৫
স্পোর্টস ডেস্ক | অধিকারপত্র ডটকম
অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে দুইবার সমতায় ফিরেও শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে হার মানতে হয়েছে দুর্দান্ত লড়াই করা আফ্রিকান দলটিকে।
ম্যাচের ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এটি ছিল চলতি আসরে তার সপ্তম গোল এবং বিশ্বকাপে ব্যক্তিগত গোলসংখ্যা ২০-এ উন্নীত হয়। একই সঙ্গে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েন তিনি।
দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে রায়ান মেনডেসের পাস থেকে ডেরয় ডুরাটের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। তবে অতিরিক্ত সময় শুরুর পর ৯২তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজ গোল করে আবারও এগিয়ে দেন আর্জেন্টিনাকে।
কিন্তু হাল ছাড়েনি কেপ ভার্দে। ১০৩তম মিনিটে সিডনি লোপেজ কাবরালের দুর্দান্ত কোনাকুনি শটে আবারও ২-২ সমতা ফিরে আসে।
ম্যাচটি যখন টাইব্রেকারের দিকেই এগোচ্ছিল, তখন ১১১তম মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার ডিনে বরগেসের গায়ে লেগে জালে জড়ায়। আত্মঘাতী সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে নেমে কেপ ভার্দে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে শেষ ষোলোয় ওঠা দলটি বিশ্বচ্যাম্পিয়নদের পুরো ১২০ মিনিট কঠিন পরীক্ষায় ফেলে।
ম্যাচ শেষে কেপ ভার্দের কোচ বাবিস্তা বলেন, আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে এই ম্যাচটি তার দলের ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স। বিশ্বজুড়ে কেপ ভার্দের ফুটবলাররা তাদের লড়াকু মানসিকতার জন্য প্রশংসা পাওয়ার যোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
নিজ ক্লাব ইন্টার মিয়ামির মাঠে খেলায় লিওনেল মেসি যেন ঘরের মাঠের সুবিধাই পেয়েছেন। প্রায় ৬৫ হাজার দর্শকে ভরা স্টেডিয়ামের অধিকাংশই ছিল আর্জেন্টিনার সমর্থক, যারা পুরো ম্যাচজুড়ে দলকে উৎসাহ জুগিয়েছে।
শেষ ষোলোতে আগামী বৃহস্পতিবার আটলান্টায় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে কেপ ভার্দের বিপক্ষে কঠিন এই জয় কোচ লিওনেল স্কালোনিকে পরবর্তী ম্যাচের আগে দল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে।
সূত্র: বাসস