07/07/2026 টানা ভারী বর্ষণ: বান্দরবানে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, ঝুঁকি এড়াতে প্রশাসনের নিষেধাজ্ঞা
Special Correspondent
৭ July ২০২৬ ১৭:৫০
নিউজ ডেস্ক | অধিকারপত্রর
টানা দুই দিনের অবিরাম ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (৬ জুলাই) রাতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জরুরি বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বন্যা ও ভূমিধসের ঝুঁকি
প্রবল বর্ষণের ফলে বান্দরবানের থানচি ও আলীকদম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। থানচির তিন্দু এলাকায় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সোমবার একটি নৌকাডুবির ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আলীকদমে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় স্থানীয়দের বাড়িঘর ডুবে গেছে এবং ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের প্রবল ঝুঁকি থাকায় প্রশাসনকে আগেভাগেই সতর্ক করা হয়েছে।
জেলা প্রশাসনের কঠোর অবস্থানের ফলে বর্তমানে বান্দরবানের পর্যটন এলাকাগুলোতে পর্যটকদের চলাচল বন্ধ রয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে মাইকিং ও প্রচার চালানো হচ্ছে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র