07/22/2026 বিদ্যালয়ের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
odhikarpatra
২১ July ২০২৬ ২০:১৮
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের জমি দখল, চাঁদাবাজি ও ক্ষয়ক্ষতির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য দুই আসামি হলেন কাফির বড় ভাই মামুন এবং বাবা এবিএম হাবিবুর রহমান।
মামলার এজাহার অনুযায়ী, সোমবার (২০ জুলাই) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
এজাহারে অভিযোগ করা হয়, গত ১১ জুলাই সকালে নুরুজ্জামান কাফি, তার বড় ভাই ও বাবা একটি ভেকু (খননযন্ত্র), ভ্যান, কোদাল ও খোয়া নিয়ে বিদ্যালয়ের রজাপাড়া মৌজার ৫৯ নম্বর দাগভুক্ত জমিতে প্রবেশ করেন। সেখানে মাটি কেটে ভূমির আকৃতি পরিবর্তন করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে কাফি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
মামলায় দাবি করা হয়েছে, অভিযুক্তরা প্রায় ১১০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রশস্ত প্রায় ছয় শতাংশ জমি থেকে অন্তত এক লাখ টাকার মাটি কেটে বিভিন্ন স্থানে সরিয়ে নেন এবং সেখানে খোয়া ফেলে রাস্তা নির্মাণ করেন। এতে বিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তবে মামলায় আনা সব অভিযোগ অস্বীকার করেছেন নুরুজ্জামান কাফি। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট জমির মালিকরা দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সুপ্রিম কোর্টের রায় পেয়েছেন এবং তিনি তাদের কাছ থেকে বায়নামূলে জমি কিনেছেন। মালিকপক্ষ জমি বুঝিয়ে দেওয়ার পর সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে তার কোনো সাক্ষাৎ বা কথোপকথন হয়নি বলেও দাবি করেন তিনি।
কাফির ভাষ্য, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া জানান, মামলাটি রুজু হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবে পুলিশ।