07/28/2026 শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
odhikarpatra
২৭ July ২০২৬ ২৩:৫৭
জাতীয় ডেস্ক, অধিকারপত্র ডটকম
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরাই আগামী বাংলাদেশের নির্মাতা। তারা যদি শিক্ষা, নৈতিকতা, খেলাধুলা ও মানবিক মূল্যবোধে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তাহলে একটি সমৃদ্ধ, আধুনিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার উন্নত বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছে। তবে সেই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে আজকের শিশু-কিশোরদের। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, হাজার হাজার শিশুর মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, বিজ্ঞানী এবং আন্তর্জাতিকমানের ক্রীড়াবিদ তৈরি হবে, যারা বিশ্বদরবারে বাংলাদেশের সম্মান আরও বৃদ্ধি করবে।
পরিবেশ রক্ষার বিষয়ে শিশুদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা বা প্লাস্টিক না ফেলার পাশাপাশি অন্যদেরও নিরুৎসাহিত করতে হবে। প্রয়োজনে নিজেরাই পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
পশুপাখির প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃতির সব জীবই দেশের সম্পদ। তাদের প্রতি নিষ্ঠুর আচরণ না করে যত্ন নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল প্রতিভা বিকাশে সরকার সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখবে।
সংবাদমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের সাফল্য ও ইতিবাচক কর্মকাণ্ডকে গণমাধ্যমে অধিক গুরুত্ব দিয়ে প্রচার করা উচিত, কারণ তারাই দেশের প্রকৃত ভবিষ্যৎ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক-বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিশু-কিশোর উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, অধিকারপত্র ডটকম