07/28/2026 উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারধরের মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
odhikarpatra
২৭ July ২০২৬ ২৩:৫৮
মঙ্গলবার | ২৭ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি | অধিকারপত্র ডটকম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং বিএনপির এক নেতাকে মারধরের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার (২৬ জুলাই) রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, যুবদল নেতা মো. আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, মো. আব্দুল মোমেন এবং শ্রমিকদল নেতা মমতাজ আলী।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২০ জুলাই পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের বাসিন্দা ও উল্লাপাড়া বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত শনিবার ব্যবসায়ী আলমগীর হোসেনের ভাই ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিষ্টার থানায় অভিযোগ দিতে গেলে থানার গেটের সামনে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
পরে রোববার সন্ধ্যায় আলমগীর হোসেন ও জাহিদুল ইসলাম মিষ্টার পৃথক দুটি মামলা দায়ের করেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে জাহিদুল ইসলাম মিষ্টারের ওপর হামলার প্রতিবাদে সোমবার (২৭ জুলাই) দুপুরে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা হামলার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি বন্ধ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবেদক: সিরাজগঞ্জ প্রতিনিধি, অধিকারপত্র ডটকম