08/02/2026 পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
odhikarpatra
১ August ২০২৬ ২৩:৫৯
: ০১ আগস্ট ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডেস্ক
দেশজুড়ে পুলিশের যানবাহনে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশি যানবাহনকে লক্ষ্য করে হামলা বা নাশকতার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ সব ধরনের সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে দায়িত্ব পালনকালে এবং দায়িত্ব শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, দায়িত্ব পালনকালে প্রয়োজন হলে যানবাহন কেবল নিরাপদ স্থানে থামানো যাবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো পুলিশি যানবাহন নজরদারিহীন বা পরিত্যক্ত অবস্থায় রাখা যাবে না। প্রতিটি যানবাহন সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের তত্ত্বাবধানে রাখতে হবে।
এ ছাড়া থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড এবং অন্যান্য নির্ধারিত সরকারি স্থানে রাখা যানবাহনের নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত টহল, নিবিড় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর এই নির্দেশনাকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও অন্যান্য পুলিশ ইউনিটের কর্মকর্তাদের তা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।