08/30/2026 গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২; হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের গুদামেও আঘাত
odhikarpatra
২৯ August ২০২৬ ২৩:৫৫
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় আল-আকসা শহীদ হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে চিকিৎসা সরঞ্জাম রাখার একটি গুদামেও ড্রোন হামলা চালানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৯ আগস্ট) হাসপাতালটির ভেতরে চিকিৎসা সরঞ্জাম রাখার জন্য ব্যবহৃত একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলা চালায়। এতে তিনজন আহত হয়েছেন বলে হাসপাতালটির পরিচালক জানিয়েছেন।
এ ছাড়া উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছাকাছি এলাকাতেও একটি ইসরায়েলি কোয়াডকপ্টার বিস্ফোরক নিক্ষেপ করেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ১০টি মরদেহ হাসপাতালে পৌঁছেছে। এর মধ্যে নয়জন সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন এবং একজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময়ে আরও ১৮ জন আহত হয়েছেন। ধ্বংস হওয়া ভবন ও সড়কের বিভিন্ন স্থানে আরও মানুষ আটকা পড়ে আছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া ইসরায়েল ও হামাসের তথাকথিত যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি গাজায় ৪ হাজার থেকে ৫ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের ধ্বংসস্তূপের নিচে থাকার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্টার ফর মিসিং অ্যান্ড ফরসিবলি ডিসঅ্যাপিয়ার্ড পারসনস।
সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি সত্ত্বেও গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। হামলার কারণে চিকিৎসা ব্যবস্থা ও জরুরি সেবা কার্যক্রমও নতুন করে চাপের মুখে পড়ছে।
সূত্র: আল জাজিরা।