09/03/2026 পোশাক রপ্তানি খাতের সংকট দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতির
odhikarpatra
২ September ২০২৬ ২৩:১৪
দেশের তৈরি পোশাক রপ্তানি খাতে দীর্ঘদিন ধরে চলমান অব্যবস্থাপনা ও বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
সাক্ষাতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধিদল দেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তারা।
জবাবে রাষ্ট্রপতি বলেন, তৈরি পোশাক শিল্পে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করতে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে বিজিএমইএর পক্ষ থেকে আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ২৫তম বাটেক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়।
রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রাষ্ট্রপতির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।