09/03/2026 পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও জলাশয় সংরক্ষণে কাজ করছে বিএনপি: রিজভী
odhikarpatra
২ September ২০২৬ ২৩:৫১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিবেশবান্ধব দল এবং বৃক্ষরোপণ, নদী-নালা ও জলাশয় সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি আর বৃক্ষের মধ্যে কোনো পার্থক্য নেই। বিএনপি এবং বিশুদ্ধ নদী-নালার মধ্যেও কোনো পার্থক্য নেই।’
তিনি বলেন, বিশ্বজুড়ে উষ্ণতা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় গাছ, মাছ, নদী, পুকুর, খাল-বিল ও জলাশয় রক্ষা করতে হবে। তা না হলে মানুষের জন্য বিশুদ্ধ বাতাস ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিন হবে।
অপরিকল্পিত নগরায়ণকে পরিবেশ দূষণের অন্যতম কারণ উল্লেখ করে রিজভী বলেন, আগে শরৎকালে বিল ও ঝিলের পাশে কাশফুল দেখা যেত। জলাশয় ভরাটের কারণে এখন সেই দৃশ্য কমে গেছে। তাই পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শহরের যেখানে ফাঁকা জায়গা রয়েছে, সেখানে বৃক্ষরোপণ করতে হবে। একই সঙ্গে নদী, খাল, বিল ও জলাশয় রক্ষা করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের উদ্যোগের প্রশংসা করে রিজভী বলেন, আগে পুরান ঢাকা অপরিচ্ছন্ন রাস্তাঘাট, নদী-নালা ও জলাশয়ের কারণে ভীতিকর মনে হতো। বর্তমানে বিভিন্ন পুকুর, খাল ও জলাশয় পরিষ্কার করায় পরিবেশের পরিবর্তন দেখা যাচ্ছে।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন উল্লেখ করে রিজভী বলেন, ছয় মাসে আড়াই কোটি গাছ লাগানোর লক্ষ্য থাকলেও এরই মধ্যে প্রায় তিন কোটির বেশি গাছ লাগানো হয়েছে।
স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় মামলা, হামলা ও নিপীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা বৃক্ষরোপণ ও নদী-নালা পরিষ্কারের কর্মসূচি পালন করেছেন বলে দাবি করেন তিনি। করোনার সময়ও ঝুঁকি নিয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম চালানো হয়েছিল বলে উল্লেখ করেন রিজভী।
রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি জনস্বার্থের দল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো কর্মসূচি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়েদের বিএ ও অনার্স পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার কথা বলেছেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সঞ্চালনা করেন।
এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও জলাশয় সংরক্ষণে বিএনপি: রিজভী
রুহুল কবির রিজভী, বিএনপি, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষা, জলাশয় সংরক্ষণ, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, জলবায়ু পরিবর্তন, অধিকারপত্র