09/08/2026 ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
odhikarpatra
৮ September ২০২৬ ২০:৪৮
ডেঙ্গুর বিস্তার রোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর দিতে হবে। পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে পারলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি শিক্ষার্থীদের শুধু নিজেদের পরিচ্ছন্ন রাখার মধ্যেই সীমাবদ্ধ না থেকে পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর মতে, শিশু-কিশোরদের ছোট ছোট উদ্যোগও একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন। তারা কোন শ্রেণিতে পড়ছে, কীভাবে পড়াশোনা করছে এবং ভবিষ্যতে কী হতে চায়—এসব বিষয়ে তিনি তাদের খোঁজখবর নেন।
পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে খেলাধুলা ও শরীরচর্চার প্রয়োজন রয়েছে। সময়ের যথাযথ ব্যবহার করে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া মানুষের পাশাপাশি প্রাণী ও জীবজন্তুর প্রতিও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করে অসহায় প্রাণীদের যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।
জানা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশন দেখতে সংসদ ভবনে আসে। তাদের সঙ্গে পাঁচজন শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির দুজন সদস্য ছিলেন। সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শ নিজেদের জীবনে অনুসরণের পাশাপাশি পরিবার, বিদ্যালয় ও এলাকার মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করে।