09/12/2026 সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে ‘হেয়ারকাট’ বাতিল, মুনাফা পুনর্নির্ধারণ
odhikarpatra
১১ September ২০২৬ ২৩:৫৩
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের মুনাফায় ‘হেয়ারকাট’ বা নির্ধারিত হারে মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা না কেটে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার বিবেচনায় নিয়ে আমানত পুনর্নির্ধারণ করতে হবে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের ব্যক্তিগত বা অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং কিস্তিভিত্তিক আমানতের মুনাফা ৪ শতাংশ হারে নির্ধারণ করা হবে না। ওই সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার কত ছিল, তা বিবেচনায় নিয়ে প্রতিটি আমানত হিসাব পুনর্নির্ধারণ করতে হবে।
এ ছাড়া ২০২৫ সালের ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের অন্তর্বর্তী সময়ের জন্যও ব্যাংকের পুনর্নির্ধারিত মুনাফার হার কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা এবং মুনাফা সমন্বয়ের বাস্তব জটিলতা বিবেচনায় নিয়ে আগের ‘হেয়ারকাট’সংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনা করা হয়েছে।
এর আগে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মুনাফা নির্দিষ্ট ৪ শতাংশ হারে নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। নতুন নির্দেশনার ফলে সংশ্লিষ্ট আমানতকারীদের মুনাফা পুনর্নির্ধারণের সুযোগ তৈরি হলো।
এদিকে দীর্ঘ অপেক্ষার পর গত ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা নিজেদের আমানতের অর্থ উত্তোলনের সুযোগ পাচ্ছেন। অর্থ উত্তোলন শুরু হওয়ার পর প্রথম তিন দিনে ২৭ হাজার ৫৬ জন গ্রাহক মোট ১ হাজার ৪০ কোটি টাকা তুলে নিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনাকে আমানতকারীদের স্বার্থ ও ব্যাংকের প্রতি আস্থা পুনর্গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।