09/19/2026 কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
odhikarpatra
১৯ September ২০২৬ ২১:০৬
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে (৩৫) চট্টগ্রাম নগর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ফয়’স লেক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) এসআরবি-৭, চট্টগ্রামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসআরবি জানায়, বাহাদুর মিয়ার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায়। একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট তিনি কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
এসআরবির কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, বাহাদুর চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় আত্মগোপন করে আছেন। পরে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ফয়’স লেক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কারাগার থেকে পালানোর ঘটনায় ২০২৪ সালের ১৫ আগস্ট গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় বাহাদুরও পলাতক আসামি ছিলেন।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাহাদুর মিয়াকে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।