09/20/2026 নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ নড়াইল এক্সপ্রেসের দুই কর্মচারী আটক
odhikarpatra
১৯ September ২০২৬ ২৩:৫৫
নড়াইল সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদরের মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের মো. ইয়াকুব সরদার (৪০) এবং কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. সুজন মোল্যা (৩৩)। তাঁরা দুজনই নড়াইল এক্সপ্রেস পরিবহনের কর্মচারী বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসে তল্লাশি চালানো হয়। এ সময় ইয়াকুব সরদারের হাতে থাকা একটি ব্যাগ থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
কর্তৃপক্ষ জানায়, একটি কার্টনের ভেতরে ৪০টি নীল রঙের পলিতে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো রাখা ছিল। প্রতিটি পলিতে ২০০ পিস করে মোট ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াকুবের সহযোগী হিসেবে সুজন মোল্যাকেও আটক করা হয়।
অভিযানকালে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইল কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা করা হয়েছে।