09/22/2026 ভারতের বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে জাপান, সানোতে ঐতিহাসিক লড়াই
odhikarpatra
২১ September ২০২৬ ২২:৪৮
অধিকার পত্র ডটকম
ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে জাপান জাতীয় ক্রিকেট দল। প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে জাপান। ঐতিহাসিক এই ম্যাচে তাদের প্রতিপক্ষ টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত।
ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সুজুকি কাপ’-এর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে প্রথম স্থানে, আর জাপানের অবস্থান ৪১তম। আইসিসির বাছাইপর্বের বাইরে এত বড় র্যাঙ্কিং ব্যবধানের দুই দলের মুখোমুখি হওয়ার ঘটনাও বিরল। শক্তিশালী ভারতের বিপক্ষে জাপান তাই নিজেদের সামর্থ্য তুলে ধরার লক্ষ্যেই মাঠে নামছে।
জাপানে ক্রিকেটের তুলনায় বেসবলের জনপ্রিয়তা ঐতিহ্যগতভাবে বেশি। তবে ভারতের বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচকে ঘিরে দেশটিতে ক্রিকেট নিয়ে আগ্রহ বেড়েছে। দর্শকদের চাহিদার কারণে স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়িয়ে ৩ হাজার করা হলেও টিকিটের চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। মাত্র এক ঘণ্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।
আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে ম্যাচটিকে দুই দলের প্রস্তুতির অংশ হিসেবেও দেখা হচ্ছে। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী জাপান তাদের স্কোয়াড সাজিয়েছে। ফলে নিয়মিত কয়েকজন ক্রিকেটার দলে না থাকায় তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ তৈরি হয়েছে।
জাপানের দলে রয়েছেন লাচলান ইয়ামামোতো-লেক, মাকোতো তানিয়ায়া ও ওয়াতারু মিয়াউচির মতো তরুণ ক্রিকেটাররা। অন্যদিকে অভিষেক আনন্দ, ইসাম রহমান, আব্দুল সামাদ ও সাবোরিশ রবিচন্দ্রনের মতো কয়েকজন নিয়মিত খেলোয়াড় এই ম্যাচের স্কোয়াডে নেই।
আইসিসি ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে জাপানি অলরাউন্ডার বেঞ্জামিন ইতো-ডেভিস ভারতের বিপক্ষে খেলার সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশ্বমঞ্চে জাপানের প্রতিনিধিত্ব করা এবং দেশটিতে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগকে তিনি সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন।
ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে শুধু মাঠে নামাই নয়, নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলাই জাপানের লক্ষ্য বলেও জানান ইতো-ডেভিস।
ঐতিহাসিক এই ম্যাচের মাধ্যমে জাপানের ক্রিকেট নতুন দর্শকের সামনে নিজেদের তুলে ধরার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির আয়োজনেও যোগ হচ্ছে ক্রীড়াঙ্গনের বিশেষ মাত্রা।