09/23/2026 ভালোবাসা মাপার মিটার কোথায়? — দাম্পত্যে অতিপ্রেম, অভিযোগ আর কম্প্যাটিবিলিটির হাস্যকর বিজ্ঞান
Dr Mahbub
২৩ September ২০২৬ ০৬:৪৫
বাংলাদেশের দাম্পত্যে কে কাকে বেশি ভালোবাসে—ফোন, অভিমান, নিয়ন্ত্রণ, উপহার ও সোশ্যাল মিডিয়া দিয়ে সেই অদ্ভুত পরিমাপের একটি রম্য-মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। “তুমি আমাকে আগের মতো ভালোবাসো না”—বাংলাদেশের বহু দাম্পত্যে এই অভিযোগের পেছনে আছে অদৃশ্য এক ভালোবাসা-মিটার। কেউ ফোনকল গোনেন, কেউ উপহার, কেউ ঈর্ষা, কেউ ফেসবুক পোস্ট, আবার কেউ সঙ্গীর স্বাধীনতাকেও ভালোবাসার ঘাটতি হিসেবে দেখেন। এই রম্য-ব্যঙ্গাত্মক ফিচারে ভালোবাসা, নিয়ন্ত্রণ, compatibility, relationship satisfaction, digital distraction, আর্থিক চাপ, self-serving bias এবং দাম্পত্যের ছোট ছোট দ্বৈত মানদণ্ডকে হাসি, গবেষণা ও আত্মসমালোচনার আয়নায় দেখা হয়েছে।
ভালোবাসা যদি কিলোগ্রামে মাপা যেত, তাহলে অনেক বিয়েতে কাবিননামার সঙ্গে সম্ভবত ডিজিটাল ওজন মেশিনও দেওয়া হতো।
রাত সাড়ে এগারোটা। স্বামী বিছানায় শুয়ে মোবাইলে খবর দেখছেন। স্ত্রী হঠাৎ জিজ্ঞেস করলেন—“আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো?”
প্রশ্নটি ছোট। কিন্তু বাংলাদেশের বিবাহিত পুরুষদের একটি অংশ জানেন—এটি সাধারণ জ্ঞান প্রশ্ন নয়। এর পেছনে বহুনির্বাচনী, রচনামূলক, ভাইভা এবং প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষাও থাকতে পারে।
স্বামী সাবধানে বললেন, “অনেক।”
স্ত্রী বললেন, “অনেক মানে?”
স্বামী এবার বুঝলেন, তিনি ভুল ইউনিটে উত্তর দিয়েছেন।
“খুব অনেক।”
এবার পরিস্থিতি আরও খারাপ।
“আগে তো বলতে—পৃথিবীর সবচেয়ে বেশি!”
স্বামী মনে মনে ভাবলেন, পৃথিবীতে তখন কি অন্য কোনো জরিপ হয়েছিল?
কিন্তু সে কথা মুখে বলার মতো আত্মঘাতী মানুষ তিনি নন। শেষ পর্যন্ত তিনি বললেন, “এখনও তাই।”
স্ত্রীর পরবর্তী প্রশ্ন—“তাহলে বিকেলে আমার ফোন ধরনি কেন?”
এই মুহূর্তে ভালোবাসার দর্শন থেকে আলোচনা সরাসরি টেলিযোগাযোগ প্রকৌশলে নেমে এল।
এটাই আমাদের দাম্পত্যের এক চমৎকার বৈশিষ্ট্য। আমরা ভালোবাসাকে বিমূর্ত অনুভূতি হিসেবে মানি, কিন্তু প্রমাণ চাই অত্যন্ত দৃশ্যমান: ফোন কতবার করলেন, মেসেজের উত্তর কত মিনিটে দিলেন, জন্মদিন রাত বারোটায় মনে ছিল কি না, ফেসবুকে ছবি দিলেন কি না, বাসায় ঢোকার সময় জিলাপি আনলেন কি না। অর্থাৎ ভালোবাসার আন্তর্জাতিক একক না থাকলেও আমাদের ব্যক্তিগত পরীক্ষাগারে মাপযন্ত্রের অভাব নেই।
ভালোবাসার কোনো SI Unit নেই—তবু মাপজোক চলছে পুরোদমে
এক কেজি চাল মাপা যায়। জ্বর মাপা যায়। রক্তচাপ মাপা যায়। এমনকি ফোনের ব্যাটারিও বলে দেয়—“২৩ শতাংশ বাকি।” কিন্তু ভালোবাসা?
শেষ উদাহরণটিতে অবশ্য ভালোবাসা ও গোয়েন্দা বিভাগের সীমানা একটু ঝাপসা হয়ে যায়।
মনোবিজ্ঞানে ভালোবাসাকে একটিমাত্র সংখ্যা দিয়ে ধরার চেষ্টা সাধারণত করা হয় না। Robert Sternberg-এর বহুল আলোচিত Triangular Theory of Love ভালোবাসাকে তিনটি উপাদানের সমন্বয় হিসেবে দেখেছে—ঘনিষ্ঠতা (intimacy), আবেগ/আকর্ষণ (passion) এবং সিদ্ধান্ত/অঙ্গীকার (commitment)। অর্থাৎ কাউকে ভালোবাসা মানে শুধু তাকে খুব মনে পড়া নয়; কাছাকাছি অনুভব করা, সম্পর্কটিকে ধরে রাখার সিদ্ধান্ত এবং পারস্পরিক সংযোগ—সবই গুরুত্বপূর্ণ।— এখানেই আমাদের প্রথম মজার ভুল।
আমরা প্রায়ই ভালোবাসার তীব্রতাকে ভালোবাসার গুণমান ভেবে ফেলি। দিনে পঁচিশবার ফোন করা তীব্র হতে পারে। কিন্তু পঁচিশতম ফোনে যদি প্রশ্ন হয়—“তুমি এখন কার পাশে বসে আছ?” তাহলে গবেষণার বিষয় একটু বদলে যায়।
আমাদের কাল্পনিক চরিত্র জনাব অতিপ্রেমিক সাহেব স্ত্রীকে অসম্ভব ভালোবাসেন। তাই স্ত্রী অফিসে পৌঁছালে ফোন—“পৌঁছেছ?” —এটা যত্ন। দশ মিনিট পরে—“মিটিং শুরু হয়নি?” —এটাও মোটামুটি যত্ন। আরও দশ মিনিট পরে—“তোমার পাশের চেয়ারটায় কে?” —এখানে যত্ন একটু প্রশাসনিক চরিত্র ধারণ করছে।
দুপুরে—“অনলাইনে ছিলে, আমার মেসেজ দেখনি কেন?” —এখন ভালোবাসা ডিজিটাল ফরেনসিকসে উন্নীত। মজার ব্যাপার হলো, আমরা নিয়ন্ত্রণমূলক আচরণকেও অনেক সময় ভালোবাসার ভাষায় অনুবাদ করে ফেলি:
কথাগুলো শুনতে রোমান্টিক হতে পারে। কিন্তু সুস্থ সম্পর্কের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো—ঘনিষ্ঠতার পাশাপাশি ব্যক্তিস্বাতন্ত্র্য, সম্মান ও নিরাপদ স্বাধীনতা থাকা।
ভালোবাসা যদি এমন হয় যে একজনের শান্তির জন্য অন্যজনকে নিজের বন্ধু, পোশাক, ফোন, চলাফেরা, পেশা অথবা ব্যক্তিগত পরিসর ক্রমাগত ব্যাখ্যা করতে হয়—তাহলে বিষয়টি আর “বেশি ভালোবাসে” বলে হালকা করে দেখার সুযোগ কমে আসে।
ভালোবাসা পাশে থাকতে চায়। নিয়ন্ত্রণ মালিক হতে চায়। দুটো দেখতে কখনো কখনো কাছাকাছি। অনুভূতিতে নয়।
আমাদের দেশে “খুব মিল” কথাটির বেশ কদর। বিয়ের আলাপেও শোনা যায়—
এগুলো অবশ্যই সুন্দর মিল। কিন্তু দুজনেই যদি রেগে গেলে তিন দিন কথা না বলেন, সেটিও একটি মিল। এবং সেটি সম্পর্কের জন্য বিশেষ উপহার নয়।
Compatibility বা সামঞ্জস্য মানে দুই ব্যক্তি একই মানুষ হয়ে যাওয়া নয়। বরং পার্থক্য থাকা সত্ত্বেও দুজন কীভাবে আলোচনা করেন, দ্বন্দ্ব সামলান, প্রয়োজন বোঝেন, দায়িত্ব ভাগ করেন এবং একে অপরের সীমারেখাকে সম্মান করেন—তা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
একজন সকালে চা খেতে পারেন, আরেকজন কফি। দাম্পত্য বেঁচে যাবে। একজন রবীন্দ্রসংগীত, আরেকজন রক শুনতে পারেন। দাম্পত্য তবু দিব্যি চলবে।কিন্তু একজন মনে করেন, “ঝগড়া হলে কথা বলে সমাধান করি”; অন্যজন মনে করেন, “ঝগড়া হলে সাত দিন silent treatment দিয়েই মানুষকে শিক্ষা দেওয়া উচিত”—এখানে Spotify playlist-এর মিল খুব বেশি উদ্ধার করতে পারবে না। সুতরাং compatibility মানে “আমরা দুজনেই বিরিয়ানি ভালোবাসি” নয়। বরং—“বিরিয়ানির শেষ আলুটুকু কে খাবে, সে বিষয়ে মতভেদ হলেও আমরা কি সভ্য থাকতে পারি?”
দাম্পত্যে মানুষের মস্তিষ্কের একটি অসাধারণ প্রতিভা আছে। নিজের ভুলের জন্য সে পরিস্থিতিকে সাক্ষী বানায়। অন্যের ভুলের জন্য চরিত্রকে। স্বামী দেরিতে ফিরেছেন। বাসায় ডুকেই ব্যাখ্যা:
“রাস্তায় কী জ্যাম ছিল জানো?”
স্ত্রী দেরিতে ফিরেছেন। প্রশ্ন: “তুমি সময় ম্যানেজ করতে পারো না কেন?”
স্ত্রী বিরক্ত হয়ে কথা বলেছেন। তার ব্যাখ্যা: “সারাদিন এত কাজের চাপ!”
স্বামী বিরক্ত হয়ে কথা বলেছেন।
রায়: “তোমার ব্যবহারটাই এমন।”
এই মানসিক প্রবণতার সঙ্গে self-serving bias ও attribution bias-এর মিল রয়েছে। বিবাহিত দম্পতিদের বাস্তব দ্বন্দ্ব নিয়ে গবেষণায় দেখা গেছে, দুই পক্ষই নিজেদের কষ্ট, প্রয়োজন ও আচরণের যৌক্তিকতাকে বেশি গুরুত্ব দিতে এবং দ্বন্দ্ব শুরুর দায় অন্য পক্ষের ওপর দিতে পারে।অর্থাৎ দাম্পত্য আদালতে একই ব্যক্তি কখনো বিচারক, কখনো আইনজীবী, কখনো সাক্ষী।
শুধু আসামি হতে তাঁর একটু আপত্তি।আর মজার ব্যাপার হলো, দুজনই প্রায় একই কাজ করছেন—এবং দুজনই দৃঢ়ভাবে বিশ্বাস করেন, অন্যজনই করছেন।
রাত বারোটা।
সারা দিনের কাজ, যানজট, সংসার, সন্তান, ফোনকল, বাজার—সবকিছু পেরিয়ে শরীর যখন ঘুমের সঙ্গে একটি শান্তিচুক্তির প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এক পক্ষ ঘোষণা করলেন—“আজ কথা শেষ না করে কেউ ঘুমাবে না।”
অন্য পক্ষ বালিশে মুখ গুঁজে প্রায় আত্মরক্ষামূলক ভঙ্গিতে বললেন—“আমি এখন কোনো কথা বলতে চাই না।”
প্রথম পক্ষের অভিযোগ, “তুমি সব সময় পালাও!”
দ্বিতীয় পক্ষের পাল্টা অভিযোগ, “তুমি সব সময় ঝগড়া করো!”
এই দৃশ্যের একটি নাম দেওয়া যেতে পারে—দাম্পত্য অলিম্পিক: একজন ধাওয়া করছেন, অন্যজন withdrawal-এ স্বর্ণপদকের দিকে এগোচ্ছেন।
বাইরে থেকে দেখলে মনে হতে পারে, একজন কথা বলতে চান আর অন্যজন চান না। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ঘটনাটি প্রায়ই এর চেয়ে জটিল। সম্পর্কবিষয়ক গবেষণায় দাবি–প্রত্যাহার যোগাযোগধারা (Demand–Withdraw Pattern) নামে একটি পরিচিত pattern রয়েছে। এতে একজন সঙ্গী কোনো সমস্যা নিয়ে আলোচনা, ব্যাখ্যা, উত্তর বা পরিবর্তন চান; অন্যজন কথোপকথন এড়িয়ে যান, চুপ হয়ে যান, বিষয় পাল্টান অথবা আলোচনা বন্ধ করতে চান। বাস্তব দাম্পত্য সংঘাত নিয়ে গবেষণায় এই ধরনের যোগাযোগের সঙ্গে বেশি নেতিবাচক আবেগ এবং কম কার্যকর দ্বন্দ্ব-সমাধান (Conflict Resolution)-এর সম্পর্ক পাওয়া গেছে।
সমস্যাটি শুধু কে কথা বলছেন আর কে চুপ করছেন, সেখানে নয়। আসল জটিলতা হলো—দুজনই নিজের আচরণকে অন্যজনের আচরণের প্রতিক্রিয়া হিসেবে দেখেন।
একজনের যুক্তি—“আমি চাপ দিই কারণ তুমি চুপ করো।”
অন্যজনের যুক্তি—“আমি চুপ করি কারণ তুমি চাপ দাও।”
ব্যস। দাম্পত্যে এসে আমরা পেলাম “মুরগি আগে, না ডিম আগে” প্রশ্নের পারিবারিক সংস্করণ।
এখানে একটি feedback loop তৈরি হতে পারে। একজন যত বেশি উত্তর চান, অন্যজন তত বেশি চাপ অনুভব করে সরে যান। অন্যজন যত বেশি সরে যান, প্রথমজন তত বেশি অনিরাপদ, উপেক্ষিত বা হতাশ বোধ করে আরও জোরে আলোচনা চান। অর্থাৎ প্রত্যেকের আত্মরক্ষামূলক আচরণ অন্যজনের ঠিক সেই আচরণটিই বাড়িয়ে দেয়, যেটি তিনি বন্ধ করতে চাইছেন।
যিনি কথা বলতে চাইছেন, তাঁর কাছে বিষয়টি হয়তো সংযোগ পুনরুদ্ধারের চেষ্টা—“সমস্যাটা মিটিয়ে ফেলি, তাহলে আবার স্বাভাবিক হতে পারব।” কিন্তু যিনি সরে যাচ্ছেন, তাঁর কাছে একই কথোপকথন হতে পারে অতিরিক্ত চাপের অভিজ্ঞতা—“এখন কথা বললে আরও খারাপ হবে; আগে আমাকে শান্ত হতে দাও।” ফলে একজনের কাছে নীরবতা অবহেলা, অন্যজনের কাছে সেটিই আত্মনিয়ন্ত্রণের চেষ্টা। একজনের কাছে প্রশ্ন করা সম্পর্ক বাঁচানোর চেষ্টা, অন্যজনের কাছে সেই প্রশ্নই জেরা।
এই পার্থক্যটি না বুঝলে দুজনেই একে অন্যের আচরণে খারাপ উদ্দেশ্য খুঁজতে শুরু করেন।
তাই compatibility-এর আসল পরীক্ষা এই নয় যে একটি দম্পতি কখনো ঝগড়া করেন কি না। দীর্ঘ সম্পর্কের মধ্যে মতের অমিল, হতাশা, ভুল বোঝাবুঝি কিংবা সংঘাত আসবেই। বরং গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—সংঘাতের পর তাঁরা কী করেন? তাঁরা কি কিছুটা শান্ত হয়ে আবার আলোচনায় ফিরতে পারেন? ভুল হলে স্বীকার করতে পারেন? অন্যজনের অভিজ্ঞতা শুনতে পারেন? প্রয়োজন হলে বলতে পারেন, “এখন আমি খুব উত্তেজিত; আধা ঘণ্টা পরে আমরা আবার কথা বলি”—এবং সত্যিই আধা ঘণ্টা পরে ফিরে আসতে পারেন?
কারণ বিরতি নেওয়া আর পালিয়ে যাওয়া এক নয়। আবার “সমস্যা সমাধান করতে চাই” বলা আর অপর পক্ষকে রাত দুইটা পর্যন্ত জেরা করাও এক নয়। সুস্থ বিরতির সঙ্গে থাকে ফিরে আসার প্রতিশ্রুতি; সুস্থ আলোচনার সঙ্গে থাকে অপর পক্ষের মানসিক সক্ষমতার প্রতি সম্মান।
দাম্পত্যের পরিণত সামঞ্জস্য তাই conflict-free হওয়ার নাম নয়। ঝগড়ার পর সম্পর্কটিতে ফিরে আসতে পারেন কি না—সেটিই বড় প্রশ্ন।
আধুনিক দাম্পত্যের একটি অতি পরিচিত দৃশ্য।
স্বামী ফোন দেখছেন।
স্ত্রী বললেন, “একটু কথা বলবে?”
উত্তর এল, “বলো, শুনছি।”
চোখ কিন্তু ফোনে। “আমার দিকে তাকিয়ে শোনো।”
এবার ফোন নামিয়ে সামান্য বিরক্ত কণ্ঠে—“আচ্ছা! কী?”
পাঁচ মিনিট পরে স্ত্রী নিজেই ফোন হাতে নিলেন।
স্বামী তাকিয়ে বললেন—“সারাক্ষণ ফোনেই থাকো!”
—মানবসভ্যতার সবচেয়ে দ্রুত আবিষ্কৃত দ্বৈত মানদণ্ডগুলোর একটি সম্ভবত এখানেই।
স্মার্টফোন আমাদের যোগাযোগের অসাধারণ সুযোগ দিয়েছে। দূরের মানুষকে কাছে এনেছে, কাজ সহজ করেছে, তথ্যের জগৎ হাতের মুঠোয় দিয়েছে। কিন্তু একই সঙ্গে একটি নতুন সম্পর্কগত paradox-ও তৈরি করেছে—দূরের মানুষ আমাদের কাছে এসেছে, আর কখনো কখনো পাশের মানুষটি অপেক্ষা করছেন আমরা কখন তাঁর দিকে তাকাব।
সম্পর্কবিষয়ক গবেষণায় এ নিয়ে একটি বিশেষ শব্দও ব্যবহৃত হয়—পার্টনার ফাবিং (Partner Phubbing)। অর্থাৎ সঙ্গী সামনে থাকা অবস্থায় তাঁর পরিবর্তে ফোনে মনোযোগ দেওয়া বা ফোনের কারণে তাঁকে উপেক্ষিত বোধ করানো। সাম্প্রতিক meta-analysis-এ partner phubbing-এর সঙ্গে সম্পর্কের সন্তুষ্টি (Relationship Satisfaction), অন্তরঙ্গতা (Intimacy) এবং সঙ্গীর কাছ থেকে বোঝাপড়া ও মনোযোগ পাওয়ার অনুভূতির নেতিবাচক সম্পর্ক পাওয়া গেছে।
ফোন অবশ্য নিজে বিবাহবিচ্ছেদের আবেদন করে না। সে অভিযোগও করে না। সে শুধু মাঝখানে বসে থাকে। আর আমরা তাকে বারবার ছোট ছোট অগ্রাধিকার দিতে থাকি।
এদিকে পাশের মানুষটি হয়তো একটি বাক্য শুরু করেছিলেন। কয়েক মিনিট পর তিনি বুঝলেন—এই মুহূর্তে তাঁর প্রতিযোগী কোনো মানুষ নন; তাঁর প্রতিযোগী একটি algorithm।
এখানে শুধু কত ঘণ্টা ফোন ব্যবহার করছি, সেটিই গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো মনোযোগের গুণগত মান। একই ঘরে থাকা আর psychologically present থাকা এক বিষয় নয়। একজন মানুষ শারীরিকভাবে আমাদের পাশে বসে থাকতে পারেন, অথচ তাঁর মনোযোগের বড় অংশ অন্যত্র থাকতে পারে।
তাই কখনো আমরা সঙ্গীর সঙ্গে তিন ঘণ্টা কাটাই, কিন্তু সেই তিন ঘণ্টার মধ্যে দুই ঘণ্টা পঞ্চান্ন মিনিট অন্য মানুষের পোস্ট, ভিডিও, খবর ও মন্তব্য দেখি। তারপর গভীর রাতে দীর্ঘশ্বাস ফেলে বলি—“আমাদের মধ্যে আগের মতো connection নেই।” Connection অবশ্য আছে। Wi-Fi-এর সঙ্গে।
বিবাহবার্ষিকীর সকাল।
Facebook-এ বিশাল পোস্ট—“তুমি আমার জীবন, তুমি আমার পৃথিবী, তুমি আমার নিঃশ্বাস। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ…”
সঙ্গে বিয়ের ছবি, ফুল, হৃদয়ের emoji, দশ বছরের স্মৃতির collage এবং সম্ভব হলে একটি romantic song।
পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পর পাশের মানুষটি জিজ্ঞেস করলেন—“চা খাবে?”
উত্তর—“একটু দাঁড়াও তো! দেখছ না পোস্টের কমেন্টের উত্তর দিচ্ছি?”
ডিজিটাল যুগের রোমান্টিক irony সম্ভবত এর চেয়ে নিখুঁতভাবে লেখা কঠিন।
সঙ্গী পাশেই আছেন।কিন্তু তাঁর উদ্দেশে লেখা ভালোবাসার ঘোষণাটি তিনি হয়তো প্রথম পড়বেন Facebook-এ।
সামাজিক যোগাযোগমাধ্যম নির্বাচিত আত্ম-উপস্থাপনা (Selective Self-presentation)-এর জন্য একটি আদর্শ জায়গা। মানুষ সেখানে জীবনের অর্থবহ, সুন্দর, আনন্দময় মুহূর্ত প্রকাশ করেন—এতে নিজে থেকে কোনো সমস্যা নেই। বরং আনন্দ ভাগ করে নেওয়া মানুষের স্বাভাবিক সামাজিক আচরণেরই অংশ।
ফলে সম্পর্কের ডিজিটাল অ্যালবামে থাকে বিবাহবার্ষিকী, ফুলের তোড়া, জন্মদিন, candlelight dinner, বিদেশভ্রমণ, matching dress এবং সমুদ্রের সামনে হাত ধরে দাঁড়ানো ছবি।
সাধারণত থাকে না—
অর্থাৎ social media-তে আমরা সম্পর্কের মিথ্যা সংস্করণই সব সময় প্রকাশ করি—এমন নয়; বরং সাধারণত সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করি না। আমরা নির্বাচিত মুহূর্ত প্রকাশ করি। সমস্যাটি সেখানে নয়।
সমস্যা শুরু হয় যখন অন্য মানুষের curated relationship দেখে আমরা নিজের unedited relationship-এর মূল্যায়ন শুরু করি।
ওদের anniversary-তে ৭৩টি ছবি। আমাদের মাত্র তিনটি।
ওর husband ৪৮ লাইনের caption লিখেছেন।
আমার husband লিখেছেন, “Happy Anniversary ❤️.”
অতএব বৈজ্ঞানিক সিদ্ধান্ত—ওদের ভালোবাসা আমাদের চেয়ে প্রায় ২৪ গুণ বেশি।
এই গণিতের কোনো বিশ্ববিদ্যালয় বিভাগ এখনও খোলা হয়নি। তবে সামাজিক মাধ্যমে শিক্ষার্থী প্রচুর।
বাস্তবে সম্পর্কের গুণমান post-এর দৈর্ঘ্য, ছবির সংখ্যা কিংবা emoji-র ঘনত্ব দিয়ে নির্ভরযোগ্যভাবে মাপা যায় না। অনলাইনে প্রকাশিত ভালোবাসা বাস্তব ভালোবাসার অংশ হতে পারে; কিন্তু সেটিই পুরো সম্পর্ক নয়। সম্পর্কের বড় অংশ গড়ে ওঠে এমন সব মুহূর্তে, যেগুলোর ছবি কেউ পোস্ট করেন না—অসুস্থতায় পাশে থাকা, ক্লান্ত মানুষটির কাজ ভাগ করে নেওয়া, মন খারাপের কথা শোনা, ভুল হলে ক্ষমা চাওয়া, কিংবা একটি কঠিন সময়ে নীরবে পাশে বসে থাকা।-সেসব মুহূর্তে সাধারণত hashtag থাকে না। কিন্তু সম্পর্ক থাকে।
আমাদের অনেক সম্পর্কেই একটি অদৃশ্য হিসাববই থাকে। সেটি কোনো ব্যাংক ছাপায়নি, কোনো auditor পরীক্ষা করেন না, কিন্তু প্রয়োজনের সময় পুরোনো লেনদেন আশ্চর্য নির্ভুলতায় বেরিয়ে আসে:
এই পর্যায়ে এসে দাম্পত্য ভালোবাসা কখনো কখনো VAT-সহ আবেগগত লেনদেনে পরিণত হয়।
সমস্যাটি এই নয় যে সম্পর্কের মধ্যে reciprocity বা পারস্পরিকতা গুরুত্বপূর্ণ নয়। একজন মানুষ যদি দীর্ঘদিন শুধু দিয়ে যান এবং অন্যজন শুধু গ্রহণ করেন, তাহলে ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু সম্পর্ক যখন প্রতিটি যত্নের কাজকে ভবিষ্যতের দাবির বিপরীতে জমা রাখা credit হিসেবে গণনা করতে শুরু করে, তখন ভালোবাসার ভাষা ধীরে ধীরে হিসাবরক্ষণের ভাষায় পরিণত হয়।
বিজ্ঞান অবশ্য সম্পর্ককে বোঝার জন্য সত্যিই বিভিন্ন পরিমাপক বা psychometric scale তৈরি করেছে। উদাহরণ হিসেবে সাত-item-এর Relationship Assessment Scale (RAS) সামগ্রিক relationship satisfaction বোঝার জন্য ব্যবহৃত হয়। আবার Dyadic Adjustment Scale (DAS)-এর ঐতিহাসিক কাঠামোয় satisfaction, consensus, cohesion এবং affectional expression-এর মতো মাত্রা রয়েছে। কিন্তু এসব scale-এর উদ্দেশ্য এই সিদ্ধান্ত দেওয়া নয়—“স্বামী ৭৮ শতাংশ ভালোবাসেন, স্ত্রী ৬৩ শতাংশ।”
বিজ্ঞান এত সাহসী হয়নি। এগুলো বরং বোঝার চেষ্টা করে—সম্পর্কের মধ্যে মানুষ কেমন অভিজ্ঞতা করছেন, কতটা সন্তুষ্টি অনুভব করছেন, বিভিন্ন বিষয়ে তাঁদের সমন্বয় কেমন এবং সম্পর্কটি তাঁদের কাছে কীভাবে কাজ করছে। অর্থাৎ বিজ্ঞানও যেন আমাদের প্রশ্নটির ভাষা একটু বদলে দিতে বলছে।
প্রশ্নটি হয়তো—“কে কাকে বেশি ভালোবাসে?” — নয়।বরং প্রশ্নটি হতে পারে—“এই সম্পর্কের ভেতরে দুজন কেমন আছেন?”
দুটি প্রশ্ন শুনতে কাছাকাছি। কিন্তু দ্বিতীয় প্রশ্নটির মধ্যে প্রতিযোগিতা কম, অনুসন্ধান বেশি; বিচার কম, বোঝার চেষ্টা বেশি। এবং সম্ভবত সেটি অনেক বেশি সৎ।
অনেক সময় আমাদের চাহিদা আসলে খুব জটিল নয়। একজন মানুষ অফিস থেকে ফিরলেন। দিনটি ভালো যায়নি। বসের সঙ্গে সমস্যা হয়েছে, সহকর্মীর আচরণে কষ্ট পেয়েছেন, কোনো কাজে ব্যর্থ হয়েছেন। বাড়ি ফিরে সঙ্গীকে বলতে শুরু করলেন।
দুই মিনিট না যেতেই অন্যজন সমস্যার সমাধানে নেমে পড়লেন—
প্রথমজন বিরক্ত হয়ে বললেন—“আমি তোমার কাছে solution চাইনি!” অন্যজন হতভম্ব। “তাহলে বললে কেন?”
এই পাঁচটি শব্দ দিয়ে পৃথিবীতে কত সন্ধ্যা নষ্ট হয়েছে, তার কোনো জাতীয় পরিসংখ্যান সম্ভবত নেই।
ঘটনাটি মজার হলেও এর পেছনে সম্পর্কের একটি মৌলিক প্রয়োজন রয়েছে—বোঝা হওয়ার অনুভূতি। সম্পর্কবিষয়ক গবেষণায় অনুভূত সঙ্গী-প্রতিক্রিয়াশীলতা (Perceived Partner Responsiveness) বলতে মোটামুটি বোঝানো হয়—আমি কি অনুভব করছি যে আমার সঙ্গী আমাকে বোঝেন, আমার অনুভূতি ও প্রয়োজনকে গুরুত্ব দেন এবং যত্নের সঙ্গে সাড়া দেন? নতুন বাবা-মায়েদের নিয়ে longitudinal গবেষণায় কম perceived responsiveness-এর সঙ্গে সময়ের সঙ্গে relationship satisfaction কমার সম্পর্কও পাওয়া গেছে।
এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে—problem solving এবং emotional responding সব সময় একই জিনিস নয়। কেউ যখন সমস্যার কথা বলেন, তিনি কখনো সমাধান চান। কখনো পরামর্শ চান। কখনো বাস্তব সাহায্য চান। আবার কখনো তিনি শুধু চান, তাঁর দিনের ভারটি কয়েক মিনিটের জন্য আরেকজন মানুষ শুনুন।
এই পার্থক্যটি না বুঝলে যত্নও ভুল ভাষায় পৌঁছাতে পারে। একজন ভাবছেন, “আমি তো তোমাকে সাহায্য করছি।”,অন্যজন অনুভব করছেন, “তুমি আমার কথা শুনছ না।” — দুজনের উদ্দেশ্য খারাপ নয়। শুধু একজন সমস্যাটিকে ঠিক করতে চাইছেন, অন্যজন আগে বোঝা হতে চাইছেন। তাই কখনো খুব সাধারণ একটি প্রশ্ন অনেক ভুল বোঝাবুঝি কমাতে পারে— “তুমি কি চাও আমি শুধু শুনি, নাকি আমরা একসঙ্গে সমাধান নিয়ে ভাবি?”
প্রশ্নটি শুনতে সামান্য। কিন্তু এর ভেতরে আছে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি—তোমার অভিজ্ঞতাটি তোমার; আমি আগে জানতে চাই, এই মুহূর্তে আমার কাছ থেকে তোমার কী প্রয়োজন।কারণ ভালোবাসা সব সময় সমস্যার সমাধান করে দেওয়া নয়।
কখনো ভালোবাসা হলো পাশে বসে বলা— “বুঝতে পারছি, দিনটা খুব খারাপ গেছে।” —এই বাক্যের বাজারমূল্য শূন্য।
কোনো EMI এতে কমে না। বেতন বাড়ে না। অফিসের সমস্যা মিটে যায় না। বাজারের দামও নামে না। কিন্তু দাম্পত্যমূল্য কখনো অসাধারণ। কারণ মানুষ সব সময় এমন কাউকে খোঁজে না, যিনি তার প্রতিটি সমস্যার উত্তর জানেন। কখনো সে শুধু এমন একজন মানুষ চায়, যার সামনে সমস্যাটি বলার পর তাকে আর একা মনে হয় না।
দাম্পত্যের মনস্তত্ত্বকে অর্থনীতি থেকে সম্পূর্ণ আলাদা করে বোঝার চেষ্টা করলে ছবিটির একটি বড় অংশই অদৃশ্য থেকে যায়। কারণ ভালোবাসা যতই আবেগের বিষয় হোক, সংসার চলে বাস্তব সম্পদের ভেতর—আয়, সময়, বাসস্থান, চিকিৎসা, সন্তানের শিক্ষা, কাজের চাপ, সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে। ফলে একই ভালোবাসা ভিন্ন আর্থসামাজিক বাস্তবতায় ভিন্ন ধরনের পরীক্ষার মুখোমুখি হয়। প্রেমের অনুভূতি শ্রেণি দেখে জন্মায় না; কিন্তু সেই প্রেমকে টিকিয়ে রাখার দৈনন্দিন চাপ শ্রেণিভেদে এক রকম থাকে না।
নিম্নআয়ের একটি পরিবারের কথা ভাবা যাক। সেখানে একজন মানুষ হয়তো সঙ্গীর ভালোবাসার ভাষা (Love Language) কী, তা নিয়ে ভাবার আগেই হিসাব করছেন—মাসের বাজার কীভাবে হবে, বাসাভাড়া কবে দিতে হবে, সন্তানের ওষুধ কিনতে কত লাগবে, স্কুলের বেতন বাকি পড়বে কি না, কিংবা আগামী সপ্তাহে কাজ না থাকলে সংসার চলবে কীভাবে। তাঁর মানসিক জগৎ তখন শুধু সম্পর্কের আবেগ দিয়ে পূর্ণ নয়; সেখানে একই সঙ্গে জায়গা দখল করে আছে বেঁচে থাকার হিসাব।
এই অবস্থায় ক্লান্তিকে সহজেই উদাসীনতা বলে ভুল বোঝা যেতে পারে।—একজন বলছেন, “আমাকে একটু সময় দাও।” অন্যজন হয়তো মুখে কিছু বলছেন না। কিন্তু মনে মনে প্রশ্ন করছেন, “সময় কোথায় কিনতে পাওয়া যায়?”
প্রশ্নটি হাস্যকর শোনালেও এর ভেতরে একটি কঠিন বাস্তবতা আছে। সময়ও এক ধরনের সম্পদ। যাঁকে দিনে দীর্ঘ সময় কাজ করতে হয়, যাতায়াতে কয়েক ঘণ্টা ব্যয় করতে হয়, অনিশ্চিত আয়ের চিন্তা মাথায় নিয়ে ঘুমাতে হয়, তাঁর কাছে সঙ্গীকে সময় দেওয়া শুধু সদিচ্ছার প্রশ্ন নাও হতে পারে; সেটি হয়ে উঠতে পারে সময়, শক্তি ও মানসিক সক্ষমতার সীমাবদ্ধতার প্রশ্ন।
অর্থনৈতিক চাপের মনস্তাত্ত্বিক প্রভাব এখানেই গুরুত্বপূর্ণ। দীর্ঘস্থায়ী আর্থিক চাপ (Financial Strain) শুধু ব্যাংক হিসাব বা বাজারের ব্যাগে সীমাবদ্ধ থাকে না; তা মানুষের মনোযোগ, ধৈর্য, ঘুম, সিদ্ধান্ত গ্রহণ এবং যোগাযোগের ওপরও চাপ তৈরি করতে পারে। গবেষণায় financial strain ও stressful life events-এর সঙ্গে দম্পতিদের বেশি নেতিবাচক যোগাযোগ (Negative Communication)-এর সম্পর্ক পাওয়া গেছে। অর্থাৎ অর্থনৈতিক অনিশ্চয়তা যখন দীর্ঘস্থায়ী হয়, তখন তার অভিঘাত সম্পর্কের কথোপকথনেও এসে পড়তে পারে—ছোট বিষয়ে বিরক্তি বাড়তে পারে, ধৈর্য কমতে পারে, ভুল বোঝাবুঝি দ্রুত সংঘাতে রূপ নিতে পারে।
এখানে অবশ্য সতর্ক থাকা দরকার। দারিদ্র্য বা কম আয় মানেই খারাপ দাম্পত্য নয়, যেমন অর্থনৈতিক স্বচ্ছলতা মানেই সুখী সম্পর্ক নয়। বহু সীমিত আয়ের পরিবারে গভীর সহযোগিতা, পারস্পরিক নির্ভরতা, ত্যাগ ও উষ্ণতার সম্পর্ক থাকে। মূল বিষয় হলো—অর্থনৈতিক চাপ সম্পর্কের ওপর একটি অতিরিক্ত stressor হিসেবে কাজ করতে পারে। তাই আর্থিক সংকটের মধ্যে থাকা একজন মানুষের ক্লান্তি, নীরবতা বা বিরক্তিকে সরাসরি তাঁর ব্যক্তিত্বের ব্যর্থতা কিংবা ভালোবাসার ঘাটতি হিসেবে ব্যাখ্যা করা প্রায়ই অন্যায় সরলীকরণ।
কখনো সমস্যাটি ভালোবাসার অভাব নয়; সমস্যাটি হলো ভালোবাসা প্রকাশ করার জন্য প্রয়োজনীয় emotional bandwidth-এর সংকট।
মধ্যবিত্ত জীবনে এসে চাপের প্রকৃতি কিছুটা বদলায়। মৌলিক প্রয়োজনের পাশাপাশি সেখানে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে আরেকটি মনস্তাত্ত্বিক শক্তি—সামাজিক তুলনা (Social Comparison)। নিজের সংসার তখন শুধু নিজের আয়, প্রয়োজন ও স্বপ্ন দিয়ে বিচার করা হয় না; পাশের মানুষটির জীবনও অদৃশ্যভাবে আমাদের হিসাবের খাতায় ঢুকে পড়ে।
তারপর নিজের জীবনসঙ্গী সন্ধ্যায় বাজার থেকে যত্ন করে ভালো একটি ইলিশ মাছ নিয়ে ফিরলেও সেটি আর খুব বড় রোমান্টিক বিনিয়োগ হিসেবে স্বীকৃতি পায় না। কারণ সমস্যাটি তখন ইলিশের বাজারদর নয়; সমস্যাটি হলো তুলনার বাজারে তার প্রতীকী মূল্য কমে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এই তুলনাকে আরও জটিল করেছে। আগে মানুষ মূলত আত্মীয়, প্রতিবেশী বা সহকর্মীর জীবন দেখতেন; এখন প্রতিদিন শত শত মানুষের নির্বাচিত সুখের মুহূর্ত চোখের সামনে আসে। কেউ anniversary dinner-এর ছবি দিয়েছেন, কেউ বিদেশভ্রমণের, কেউ ফুলের তোড়া, কেউ surprise gift-এর ভিডিও। কিন্তু আমরা সাধারণত সেই ছবির বাইরে থাকা EMI, ঝগড়া, ক্লান্তি, ঋণ, অনিশ্চয়তা কিংবা নীরব রাতগুলো দেখি না। আমরা অন্যের জীবনের highlight reel-এর সঙ্গে নিজের জীবনের behind-the-scenes footage তুলনা করতে শুরু করি।
তখন ভালোবাসার প্রশ্নটিও নিঃশব্দে বদলে যেতে পারে। “সে আমাকে ভালোবাসে কি?”—এই প্রশ্নের জায়গায় এসে বসে—“অন্যের সঙ্গী যেভাবে ভালোবাসা দেখায়, আমার সঙ্গী সেভাবে দেখায় না কেন?”
এখানেই comparison সম্পর্কের ওপর চাপ তৈরি করতে পারে। কারণ ভালোবাসা তখন আর শুধু দুজন মানুষের পারস্পরিক অভিজ্ঞতা থাকে না; তার মধ্যে ঢুকে পড়ে তৃতীয় পক্ষের জীবনযাত্রা, সামাজিক মর্যাদা, ভোগের প্রতীক এবং অন্য মানুষের দৃশ্যমান সুখ।
উচ্চবিত্ত বা আর্থিকভাবে অধিক স্বচ্ছল পরিবারে অর্থনৈতিক নিরাপত্তা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে দাম্পত্যের মনস্তাত্ত্বিক চাপ বিলীন হয়ে যায়। বরং চাপের প্রকৃতি বদলাতে পারে। সেখানে দীর্ঘ কর্মঘণ্টা, পেশাগত উচ্চাকাঙ্ক্ষা, frequent travel, lifestyle expectation, সামাজিক অবস্থান, ব্যক্তিগত স্বাধীনতা এবং আবেগগত উপস্থিতি (Emotional Availability) নিয়ে নতুন ধরনের দ্বন্দ্ব তৈরি হতে পারে।
বাড়ি বড় হতে পারে, কিন্তু দুজনের একসঙ্গে বসার সময় ছোট হয়ে যেতে পারে। একই ছাদের নিচে দুজনের আলাদা schedule, আলাদা screen, আলাদা professional network এবং আলাদা সামাজিক জগৎ তৈরি হতে পারে। একজন হয়তো পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা তৈরিকে ভালোবাসার প্রধান প্রকাশ হিসেবে দেখছেন; অন্যজন চাইছেন উপস্থিতি, মনোযোগ ও কথোপকথন। প্রথমজন ভাবছেন, “আমি এত পরিশ্রম করছি কার জন্য?” দ্বিতীয়জন ভাবছেন, “সবকিছু আছে, কিন্তু তুমি কোথায়?”
দুজনের বক্তব্যের মধ্যেই সত্য থাকতে পারে। ফলে নিম্নআয়, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই তিন অর্থনৈতিক বাস্তবতায় ভালোবাসার পরীক্ষা একই প্রশ্নপত্রে হয় না। কোথাও টাকার সংকট সম্পর্কের সময় কেড়ে নেয়, কোথাও তুলনা সন্তুষ্টি কেড়ে নেয়, কোথাও প্রাচুর্যের মধ্যেও সময় ও emotional availability দুর্লভ হয়ে ওঠে। অর্থাৎ প্রেম সব শ্রেণিতেই আছে। কিন্তু প্রেমের ওপর চাপের পোশাক আলাদা।
আর এই পার্থক্যটি বোঝা জরুরি। কারণ যে সমস্যাটি আসলে কাঠামোগত, অর্থনৈতিক বা জীবনযাত্রাগত চাপ থেকে তৈরি হয়েছে, সেটিকে যদি আমরা শুধু ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখি, তাহলে সমাধানের জায়গাটিও ভুল হয়ে যায়। তখন আমরা হয়তো মানুষটিকে বদলাতে চাই, অথচ পরিবর্তন দরকার ছিল সংসারের কাজের বণ্টন, আর্থিক পরিকল্পনা, প্রত্যাশা, সময় ব্যবস্থাপনা কিংবা তুলনার অভ্যাসে।
ঘরে একজন বলেন, “রিমোটটা দাও।” আর অন্যজন বলেন, “এখন আমার অনুষ্ঠান।”
বিষয়টি আপাতদৃষ্টিতে অত্যন্ত নিরীহ। একটি টেলিভিশন, একটি রিমোট এবং দুজন মানুষের দুটি পছন্দ। কিন্তু ছোট্ট এই রিমোট কখনো কখনো শুধু চ্যানেল পরিবর্তনের যন্ত্র থাকে না; এটি হয়ে উঠতে পারে একটি ক্ষুদ্র ক্ষমতার প্রতীক (Symbol of Power)—কে সিদ্ধান্ত নেবেন, কার পছন্দ আগে গুরুত্ব পাবে, কে ছাড় দেবেন, আর কে ধরে নেবেন যে তাঁর পছন্দটাই স্বাভাবিকভাবে অগ্রাধিকার পাওয়ার যোগ্য।
মজার বিষয় হলো, ঘরের এই মনস্তত্ত্ব কর্মক্ষেত্রে গিয়ে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় না।
ঘরে যিনি বলেন, “রিমোটটা আমাকে দাও,” অফিসে তিনিই হয়তো বলেন, “ফাইলটা আমার অনুমতি ছাড়া যাবে না।”
আর প্রতিষ্ঠানের ক্ষমতার কাঠামোয় পৌঁছে বাক্যটি আরও পরিশীলিত হয়ে যায়—“সবাই মতামত দিতে পারবেন। তবে সিদ্ধান্ত আমরা আগেই নিয়ে রেখেছি।”
রিমোট বদলেছে। ভাষা বদলেছে। চেয়ার-টেবিল বদলেছে। মনস্তত্ত্ব কি খুব বদলেছে?
দাম্পত্যে যে মানুষটি আন্তরিকভাবেই মনে করেন, “আমি জানি তোমার জন্য কোনটা ভালো,” তিনিই কর্মক্ষেত্রে গিয়ে ভাবতে পারেন, “আমি জানি দলের জন্য কোনটা ভালো।” দুটো ক্ষেত্রেই উদ্দেশ্য ভালোও হতে পারে। কিন্তু ভালো উদ্দেশ্য আর অংশগ্রহণমূলক সিদ্ধান্ত একই বিষয় নয়। কারও কল্যাণের কথা ভেবে তাঁর হয়ে সব সিদ্ধান্ত নেওয়ার প্রবণতার মধ্যে কখনো কখনো পিতৃতান্ত্রিক অভিভাবকত্ব বা paternalism কাজ করতে পারে—যেখানে অন্য ব্যক্তির মতামত শোনার আগেই ধরে নেওয়া হয়, তাঁর প্রয়োজন আমরা তাঁর চেয়ে ভালো বুঝি।
পরিবারে বাক্যটি সহজ—“আমার কথা শোনো।”
অফিসে এসে সেটি হয়—“We believe in participatory leadership.”
সেমিনারে আমরা আরও দৃঢ় কণ্ঠে বলি—“Freedom of expression is essential.”
তারপর সত্যিই কেউ ভিন্নমত প্রকাশ করলে উত্তর আসে—“আপনি বিষয়টি ঠিক বুঝতে পারেননি।”
এখানে ব্যঙ্গটি শুধু ভাষার দ্বিচারিতায় নয়; এর গভীরে রয়েছে ক্ষমতা ভাগ করে নেওয়ার সক্ষমতা (Power-sharing) এবং ভিন্নমত সহ্য করার প্রশ্ন। আমরা প্রায় সবাই অংশগ্রহণ চাই—যতক্ষণ অন্যরা আমাদের সিদ্ধান্তের সঙ্গে মোটামুটি একমত থাকেন। কিন্তু প্রকৃত অংশগ্রহণের পরীক্ষা শুরু হয় তখনই, যখন অন্য ব্যক্তি এমন মত দেন যা আমাদের অস্বস্তিতে ফেলে, আমাদের সিদ্ধান্তকে প্রশ্ন করে কিংবা আমাদের কর্তৃত্বের সীমা মনে করিয়ে দেয়।
দাম্পত্যেও একই পরীক্ষা ঘটে। সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া সহজ, যতক্ষণ তাঁর মতামত আমার মতামতের সঙ্গে মেলে। কিন্তু তিনি যদি বলেন, “না, আমি এটা চাই না,” “আমি একমত নই,” “এটা আমার ব্যক্তিগত সীমারেখা,” তখনই বোঝা যায় সম্পর্কটিতে পারস্পরিকতা কতটা বাস্তব।
এই কারণেই ব্যক্তিগত সম্পর্ককে সমাজের বাইরে বিচ্ছিন্ন কোনো দ্বীপ হিসেবে দেখা কঠিন। পরিবার মানুষের প্রথম দিকের সামাজিক প্রতিষ্ঠানগুলোর একটি। এখানে মানুষ প্রতিদিন শেখে—কীভাবে কথা বলতে হয়, কীভাবে শুনতে হয়, কীভাবে disagreement সামলাতে হয়, কীভাবে নিজের প্রয়োজন প্রকাশ করতে হয়, অন্যের সীমারেখা (Boundary) সম্মান করতে হয় এবং ক্ষমতা ভাগ করে নিতে হয়।
একটি সমাজে গণতন্ত্রের ভাষা শুধু সংসদ, বিশ্ববিদ্যালয়, অফিস কিংবা সেমিনার কক্ষে জন্মায় না। তার ক্ষুদ্রতম অনুশীলন অনেক সময় ঘটে ডাইনিং টেবিলে, রান্নাঘরে, শোবার ঘরে কিংবা সেই বিখ্যাত টেলিভিশন রিমোটের পাশে। কারণ শুনতে শেখা, সীমারেখার সম্মান, power-sharing এবং disagreement সহ্য করা—এসব ছোট ঘরেই চর্চা হয়। অথবা হয় না।
আমাদের প্রত্যেকের ভেতরে একজন অত্যন্ত দক্ষ জীবনীকার বাস করেন।
তিনি অন্য মানুষের জীবনী লেখার সময় বেশ কঠোর সম্পাদক। ভুল দেখলে লাল কালি ব্যবহার করেন, অসঙ্গতি ধরেন, চরিত্রের দুর্বলতা চিহ্নিত করেন। কিন্তু নিজের জীবনী লেখার সময় তাঁর ভাষা আশ্চর্য রকম কোমল হয়ে যায়। সেখানে ভুলেরও প্রেক্ষাপট থাকে, রাগেরও যুক্তি থাকে, ব্যর্থতারও পরিস্থিতি থাকে এবং প্রায় প্রতিটি অধ্যায়ের শেষে নায়ক বা নায়িকাটি মোটামুটি ভালো মানুষ হিসেবেই বেরিয়ে আসেন।
মানুষ যখন এই বাক্যটি বলেন, আশপাশের সবাই সাধারণত মানসিকভাবে হেলমেট পরে নেন।
এই উদাহরণগুলো নিছক হাসির বিষয় নয়। এগুলোর পেছনে মানুষের আত্মধারণা (Self-concept) রক্ষা করার একটি গভীর মনস্তাত্ত্বিক প্রবণতা কাজ করতে পারে। আমরা নিজেদের সম্পর্কে একটি তুলনামূলকভাবে সুসংগত ও ইতিবাচক গল্প ধরে রাখতে চাই। আমরা বিশ্বাস করতে চাই—আমি যুক্তিবাদী, আমি ন্যায়পরায়ণ, আমি উদার, আমি নিয়ন্ত্রণপ্রবণ নই, আমি অহংকারী নই, আমি মানুষকে সম্মান করি।
সমস্যা হলো, বাস্তব আচরণ সব সময় এই আত্মপ্রতিকৃতির সঙ্গে মেলে না।
তখন আমাদের সামনে একটি অস্বস্তিকর ব্যবধান তৈরি হয়—আমি নিজেকে যে মানুষ মনে করি এবং কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে আমি যে আচরণ করছি, এই দুটির মধ্যে দূরত্ব। মনোবিজ্ঞানে এর সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো জ্ঞানগত অসামঞ্জস্য (Cognitive Dissonance)—নিজের বিশ্বাস, মূল্যবোধ বা আত্মপরিচয়ের সঙ্গে আচরণের অসামঞ্জস্য থেকে যে মানসিক অস্বস্তি তৈরি হতে পারে।
ধরা যাক, আমি নিজেকে অত্যন্ত উদারমনা মানুষ মনে করি। কিন্তু সঙ্গী আমার সঙ্গে দ্বিমত করতেই আমি বিরক্ত হলাম। এখন দুটি তথ্য পাশাপাশি দাঁড়িয়েছে—“আমি ভিন্নমতকে সম্মান করি” এবং “আমি তাঁর ভিন্নমত সহ্য করতে পারছি না।” এই অসামঞ্জস্য অস্বস্তিকর। তাই নিজের আত্মপ্রতিকৃতি বদলানোর পরিবর্তে আমরা কখনো পরিস্থিতির নতুন ব্যাখ্যা তৈরি করি—“ওটা ভিন্নমত ছিল না; ও বিষয়টাই বুঝতে পারেনি।”
ব্যস, আত্মজীবনীর নায়ক আবার নিরাপদ।
একইভাবে নিজের সাফল্যের কৃতিত্ব আমরা নিজের যোগ্যতা, পরিশ্রম ও বিচক্ষণতার সঙ্গে যুক্ত করতে পারি; কিন্তু ব্যর্থতার ক্ষেত্রে পরিস্থিতি, অন্য মানুষ কিংবা দুর্ভাগ্যকে তুলনামূলক বেশি গুরুত্ব দিতে পারি। এই ধরনের self-serving bias মানুষের আত্মসম্মান রক্ষায় ভূমিকা রাখতে পারে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত হলে একটি বড় সমস্যা তৈরি হয়—নিজের ভুলের দায়িত্ব নেওয়ার জায়গাটি ক্রমশ ছোট হয়ে আসে।
তখন আমরা বলতে শুরু করি—
প্রতিটি বাক্যের মধ্যে কিছু বাস্তব সত্য থাকতে পারে। কিন্তু যদি প্রতিবারই নিজের আচরণের কারণ বাইরে পাওয়া যায়, তাহলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হারিয়ে যায়—এই পরিস্থিতিতে আমার নিজের ভূমিকা কী ছিল?
আত্মপর্যবেক্ষণের সবচেয়ে কঠিন অংশ সম্ভবত এখানেই। নিজেকে খারাপ মানুষ ঘোষণা করা নয়; বরং নিজের তৈরি সুন্দর গল্পটির পাশে নিজের বাস্তব আচরণটিও রেখে দেখা।
এসব প্রশ্নের উত্তর সব সময় সুখকর হবে না। কিন্তু সেখানেই আত্মজ্ঞান বা self-awareness-এর মূল্য। কারণ সুস্থ আত্মসমালোচনা নিজের বিরুদ্ধে অভিযোগপত্র নয়; এটি নিজের আত্মজীবনীর একটি নতুন সংস্করণ—যেখানে নায়ককে নিখুঁত হতে হয় না, শুধু নিজের সীমাবদ্ধতা সম্পর্কে একটু বেশি সৎ হতে হয়।
আমরা নিজেদের পরিচয়কে আচরণের চেয়ে একটু বেশি সুন্দর করে দেখতে ভালোবাসি।—এটাও মানবিক।, সমস্যা শুরু হয় তখনই, যখন নিজের সম্পর্কে তৈরি করা সুন্দর চরিত্রটির পক্ষে দাঁড়াতে গিয়ে আমরা বাস্তব মানুষটিকেই অস্বীকার করতে শুরু করি। যখন বলি, “আমি এমন মানুষ নই,” অথচ আমাদের আচরণ বারবার অন্য গল্প বলে। যখন নিজের intention-কে চূড়ান্ত প্রমাণ হিসেবে হাজির করি, কিন্তু অন্য মানুষের experience-কে গুরুত্ব দিই না।
তাই সম্ভবত প্রশ্নটি “আমি আসলে ভালো মানুষ কি না?” নয়। প্রশ্নটি আরও কার্যকর—“আমি নিজের সম্পর্কে যে গল্পটি বিশ্বাস করি, আমার দৈনন্দিন আচরণ কি সেই গল্পটির সঙ্গে মেলে?”
আর যদি না মেলে, সেটি আত্মসম্মান ধ্বংসের কারণ নয়। বরং সেখানেই পরিবর্তনের দরজা। কারণ মানুষ নিজের সম্পর্কে সুন্দর গল্প বলবে—এটাই স্বাভাবিক। কিন্তু পরিণত সম্পর্কের জন্য কখনো কখনো সেই গল্পটির fact-checking-ও প্রয়োজন।
এবার একটু ব্যবহারিক হওয়া যাক। নিচের দশটি ক্ষেত্রকে ০ থেকে ৪ পর্যন্ত দুজন আলাদাভাবে মূল্যায়ন করতে পারেন—০ মানে “প্রায় কখনোই নয়”, ৪ মানে “প্রায় নিয়মিত”।
এটি একটি ধারণা দিবে কিন্তু মনে রাখতে হবে, এটি কোনো validated psychological scale নয়, কোনো diagnosis নয়, আর এর মোট নম্বর দিয়ে বিবাহের ভবিষ্যৎ ঘোষণা করা যাবে না। বরং এটি কথোপকথনের একটি সম্পর্ক-আয়না।
|
ক্ষেত্র |
নিজেদের প্রশ্ন |
|
১. মানসিক নিরাপত্তা |
মতভেদ হলে আমি কি ভয় ছাড়াই কথা বলতে পারি? |
|
২. শোনা ও বোঝা |
সঙ্গী কি উত্তর দেওয়ার আগে আমার বক্তব্য বোঝার চেষ্টা করেন? |
|
৩. দ্বন্দ্ব-পরবর্তী মেরামত |
ঝগড়ার পর আমরা কি আবার সংযোগ তৈরি করতে পারি? |
|
৪. স্বাধীনতা ও সীমারেখা |
ভালোবাসার নামে কি আমরা একে অপরের ব্যক্তিগত পরিসর দখল করি না? |
|
৫. মূল্যবোধ ও ভবিষ্যৎ |
পরিবার, সন্তান, অর্থ, কাজ ও জীবনযাপন নিয়ে মৌলিক প্রত্যাশা কতটা সামঞ্জস্যপূর্ণ? |
|
৬. দায়িত্বের ন্যায়সংগত ভাগ |
ঘর, সন্তান, আত্মীয়তা ও মানসিক শ্রম কি একতরফা নয়? |
|
৭. অর্থনৈতিক স্বচ্ছতা |
আয়, ব্যয়, ঋণ ও বড় সিদ্ধান্ত নিয়ে কি খোলামেলা কথা হয়? |
|
৮. ডিজিটাল উপস্থিতি |
ফোন কি নিয়মিত আমাদের কথোপকথনের তৃতীয় পক্ষ হয়ে যায় না? |
|
৯. স্নেহ ও ঘনিষ্ঠতা |
দুজনের সম্মতি, আরাম ও প্রয়োজনকে কি গুরুত্ব দেওয়া হয়? |
|
১০. অঙ্গীকার ও বিকাশ |
সম্পর্কটিকে ধরে রাখার পাশাপাশি দুজনের ব্যক্তিগত বিকাশকেও কি জায়গা দেওয়া হয়? |
এখানে মোট ৪০ পেলেই “দেশসেরা দম্পতি”—এমন সার্টিফিকেট নেই। বরং বেশি গুরুত্বপূর্ণ হলো—একই প্রশ্নে দুজনের উত্তর কতটা আলাদা?
একজন মানসিক নিরাপত্তায় ৪ দিলেন, অন্যজন ১। এখানে মোট স্কোর যোগ করার চেয়ে কথোপকথন জরুরি। কারণ একজনের কাছে যা সুখী সংসার, অন্যজনের কাছে সেটিই হয়তো চুপ করে মানিয়ে চলা। Compatibility-এর আসল রহস্য তাই নম্বরের চেয়ে দুই মানুষের বাস্তবতার ব্যবধান বুঝতে পারায়।
স্বামী স্ত্রীর রান্না নিয়ে ঠাট্টা করলেন। স্ত্রী স্বামীর নাক ডাকা নিয়ে মজা করলেন।—দুজনেই হাসলেন। আসলে সমস্যা নেই।
একজন বারবার anniversary ভুলে যান—হাস্যকর হতে পারে। একজন কাপ কোথায় রাখবেন তা নিয়ে অদ্ভুত নিয়ম করেন—পরিবারের লোকেরা মজা করতেও পারেন। কিন্তু কিছু জায়গায় humour থামাতে হয়।
যদি ভালোবাসার নামে নিয়মিত ভয় দেখানো হয়, অপমান করা হয়, বন্ধু-পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়, ফোন ও চলাফেরা জবরদস্তিমূলকভাবে নজরদারি করা হয়, অর্থের ওপর একতরফা নিয়ন্ত্রণ চাপানো হয়, সম্মতি অগ্রাহ্য করা হয়, হুমকি বা সহিংসতা ঘটে—তখন “অতিরিক্ত ভালোবাসে” বলে ঘটনাকে রোমান্টিক করা বিপজ্জনক।
অভিমান সম্পর্কের অংশ হতে পারে। ভয় সুস্থ সম্পর্কের ভিত্তি নয়। আর সব অসঙ্গতি compatibility problem নয়। কিছু আচরণ সরাসরি ক্ষতিকর।—এই পার্থক্যটি জানা জরুরি, কারণ হাসির ছলে আমরা কখনো গুরুতর সমস্যাকেও “ও তো এমনই” বলে স্বাভাবিক করে ফেলি।
এতক্ষণ এই আলোচনা পড়তে পড়তে আমাদের অনেকের মনেই হয়তো কয়েকজন পরিচিত মানুষের মুখ ভেসে উঠেছে। কারও কথা পড়ে মনে হয়েছে, “আরে, আমার এক বন্ধু তো ঠিক এমন!” আরেক জায়গায় এসে হয়তো মনে হয়েছে, “আমার এক আত্মীয়কে নিয়ে লিখেছে নাকি?” দাম্পত্যের সমস্যা নিয়ে আলোচনা করার একটি অদ্ভুত সুবিধা আছে—উদাহরণগুলো প্রায় সব সময়ই অন্য কারও জীবনের সঙ্গে মিলে যায়। সমস্যাটি সাধারণত পাশের বাড়িতে থাকে, বন্ধুর সংসারে থাকে, আত্মীয়ের সম্পর্কে থাকে; আমাদের নিজের ঘরের দরজায় এসে কড়া নাড়া পর্যন্ত আমরা তাকে খুব একটা চিনতে পারি না। কিন্তু এবার আলোটা একটু উল্টো দিকে ফেরানো যাক। অন্যের আচরণ বিশ্লেষণ করার জন্য যে আয়নাটি এতক্ষণ হাতে ছিল, সেটি এবার নিজের দিকে ধরা যাক। প্রশ্নটি খুব ছোট, কিন্তু সম্ভবত এই পুরো আলোচনার সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন—আমরা নিজেরা কেমন?
সঙ্গীর ফোনে আসক্তি আমাদের চোখে খুব সহজেই পড়ে। তিনি কথার মাঝখানে ফোন দেখছেন, খাওয়ার টেবিলে স্ক্রল করছেন, কিংবা ঘুমাতে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ডুবে আছেন—আমাদের সিদ্ধান্ত প্রায় প্রস্তুত: “তুমি ফোনে আসক্ত হয়ে গেছ।” অথচ একই কাজ আমরা করলে তার ব্যাখ্যা বদলে যায়। তখন সেটি আসক্তি নয়; “জরুরি কাজ ছিল”, “একটা মেসেজের উত্তর দিতে হচ্ছিল”, “অফিসের ব্যাপার”, “দুই মিনিট নিউজ দেখছিলাম”। আচরণটি প্রায় একই, কিন্তু বিচারটি এক নয়। কারণ তাঁর আচরণ আমরা দেখি বাইরে থেকে; নিজের আচরণের সঙ্গে আমরা জুড়ে দিই তার পেছনের কারণ, চাপ, প্রয়োজন ও পরিস্থিতি।
রাগের ক্ষেত্রেও এই দ্বৈত মাপকাঠি আরও স্পষ্ট। সঙ্গী একটু বেশি উচ্চস্বরে কথা বললে আমরা বলতে পারি, “তোমার temper problem আছে।” কিন্তু আমরা রেগে গেলে সেটি আর মেজাজের সমস্যা থাকে না; হয়ে যায় “অনেক দিন ধরে সহ্য করার স্বাভাবিক ফল।” অর্থাৎ তাঁর রাগকে আমরা তাঁর ব্যক্তিত্বের বৈশিষ্ট্য হিসেবে দেখি, আর নিজের রাগকে দেখি পরিস্থিতির অনিবার্য প্রতিক্রিয়া হিসেবে। তিনি রাগী; আমরা আহত। তিনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান; আমরা বাধ্য হয়ে প্রতিক্রিয়া জানাই।
পরিবারের প্রশ্ন এলে এই প্রবণতা আরও সংবেদনশীল হয়ে ওঠে। সঙ্গী তাঁর বাবা-মা, ভাইবোন বা আত্মীয়ের পক্ষ নিলে অভিযোগ ওঠে, “তুমি সব সময় নিজের পরিবারের পক্ষ নাও। তুমি biased।” অথচ আমরা নিজের পরিবারের অবস্থান ব্যাখ্যা করতে গেলে যুক্তিটি হয়, “তুমি পুরো context জানো না।” তাঁর পরিবারের প্রতি আনুগত্য আমাদের চোখে পক্ষপাত; নিজের পরিবারের প্রতি আনুগত্য আমাদের কাছে দায়িত্ব, সম্পর্কবোধ কিংবা বাস্তবতা বোঝার প্রমাণ। দুই পক্ষই তখন একই কাজ করছে—নিজের ঘনিষ্ঠ মানুষদের অবস্থান বোঝার চেষ্টা করছে—কিন্তু প্রত্যেকে নিজের কাজটির জন্য একটি মানবিক ব্যাখ্যা এবং অপর পক্ষের কাজটির জন্য একটি চরিত্রগত ব্যাখ্যা তৈরি করছে।
এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও এই দ্বৈত বিচারের বাইরে থাকে না। সঙ্গী নিজের ছবি পোস্ট করলে মনে হতে পারে, “এত attention seeking কেন?” আমরা নিজের ছবি পোস্ট করলে বলি, “সুন্দর একটা স্মৃতি রেখে দিলাম।” তিনি প্রশংসা চান; আমরা স্মৃতি সংরক্ষণ করি। তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান; আমরা বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করি। মজার বিষয় হলো, একই Facebook বা Instagram, একই ছবি পোস্ট করার বোতাম—কিন্তু ব্যাখ্যার অভিধান দুটি আলাদা।
এখানেই মানুষের বিচারপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য সামনে আসে। সামাজিক মনোবিজ্ঞানে অ্যাট্রিবিউশন (Attribution) বলতে বোঝানো হয়—মানুষ কোনো আচরণের কারণ কীভাবে ব্যাখ্যা করে। আমরা অন্যের আচরণ দেখার সময় অনেক ক্ষেত্রেই তাঁর ব্যক্তিত্ব, মনোভাব বা চরিত্রের দিকে দ্রুত তাকাই; অথচ নিজের আচরণ ব্যাখ্যা করার সময় পরিস্থিতি, চাপ, উদ্দেশ্য ও প্রেক্ষাপটকে বেশি গুরুত্ব দিই। বাস্তব জীবনে এই প্রবণতা সব ক্ষেত্রে একইভাবে কাজ করে না, কিন্তু দাম্পত্যের দৈনন্দিন সংঘাতে এর ছাপ খুব সহজেই দেখা যায়। কারণ এখানে আমরা শুধু একটি আচরণ বিচার করছি না; সেই আচরণের সঙ্গে জড়িয়ে থাকে প্রত্যাশা, পুরোনো অভিমান, পারিবারিক ইতিহাস, ভালোবাসার দাবি এবং নিজের সম্পর্কে একটি ইতিবাচক ধারণা ধরে রাখার প্রবণতা। ফলে একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি হয়—অন্যের ভালোবাসাকে আমরা প্রায়ই তাঁর আচরণের ফল দিয়ে বিচার করি, আর নিজের ভালোবাসাকে বিচার করি নিজের উদ্দেশ্য দিয়ে।
আমি জানি, আমি কেন কথাটি বলেছিলাম। আমি জানি, আমার উদ্দেশ্য তাঁকে অপমান করা ছিল না। আমি জানি, ফোনটি ধরেছিলাম জরুরি প্রয়োজনে। আমি জানি, রাগের পেছনে জমে থাকা কষ্ট ছিল। আমি জানি, পরিবারের পক্ষে কথা বলার অর্থ সঙ্গীকে ছোট করা নয়। অর্থাৎ নিজের আচরণের পেছনের সম্পূর্ণ গল্পটি আমার জানা। কিন্তু আমার সঙ্গী সেই গল্পের সব পৃষ্ঠা পড়তে পারেন না।
তিনি অনুভব করেন আচরণটির প্রভাব (Impact)। আমি হয়তো বললাম, “আমি তো খারাপ কিছু বোঝাতে চাইনি।” কথাটি সত্যও হতে পারে। কিন্তু সঙ্গীর অভিজ্ঞতাটিও একই সঙ্গে সত্য হতে পারে—“তোমার কথায় আমি কষ্ট পেয়েছি।” এখানেই উদ্দেশ্য (Intention) এবং প্রভাব (Impact)-এর পার্থক্যটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভালো উদ্দেশ্য একটি আচরণের নৈতিক প্রেক্ষাপট বোঝাতে সাহায্য করে, কিন্তু সেটি সব সময় আচরণের নেতিবাচক প্রভাব মুছে দেয় না। আবার কোনো আচরণে সঙ্গী কষ্ট পেয়েছেন বলেই যে অপর পক্ষ ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে চেয়েছিলেন, সেটিও ধরে নেওয়া ঠিক নয়।
দাম্পত্যের বহু সংঘাত তাই “কে ভালো, কে খারাপ”—এই সরল সমীকরণে ধরা যায় না। সমস্যাটি অনেক সময় তৈরি হয় দুই ধরনের সত্যের সংঘর্ষে। একজন বলছেন, “আমার উদ্দেশ্য তো খারাপ ছিল না।” অন্যজন বলছেন, “কিন্তু আমি কষ্ট পেয়েছি।” প্রথমজন নিজের ভেতরের অভিপ্রায় সম্পর্কে সত্য বলছেন; দ্বিতীয়জন নিজের অভিজ্ঞতার প্রভাব সম্পর্কে সত্য বলছেন। সংঘাত বাড়ে তখনই, যখন একজনের সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যজনের অভিজ্ঞতাকে অস্বীকার করা হয়।
ধরা যাক, একজন সঙ্গী সারাদিন কাজের চাপে ছিলেন। বাড়িতে ফিরে ক্লান্ত অবস্থায় ফোনে একটি জরুরি বার্তার উত্তর দিতে গিয়ে তিনি সঙ্গীর কথায় মনোযোগ দিতে পারলেন না। তাঁর নিজের ব্যাখ্যা—“আমি তোমাকে অবহেলা করিনি; কাজটা শেষ করা জরুরি ছিল।” অন্যদিকে সঙ্গীর অভিজ্ঞতা—“সারাদিন পর তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার দিকে তাকালেও না।” এখানে কে সত্য বলছেন? সম্ভবত দুজনই। একজন বলছেন তাঁর intention-এর কথা, অন্যজন বলছেন সেই আচরণের impact-এর কথা। সমস্যার সমাধান শুরু হতে পারে তখনই, যখন দুটো সত্য একই টেবিলে বসতে পারে।
এই জায়গাতেই আত্মপর্যবেক্ষণ বা self-reflection দাম্পত্যে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আত্মপর্যবেক্ষণ মানে নিজেকে দোষী সাব্যস্ত করা নয়; বরং নিজের জন্য যে ব্যাখ্যা আমরা সহজেই তৈরি করি, সঙ্গীকেও সেই একই মানবিক সুবিধাটি দিতে শেখা। আমি যদি নিজের রাগের পেছনে চাপ দেখতে পারি, তবে তাঁর রাগের পেছনেও হয়তো কোনো কষ্ট আছে। আমি যদি নিজের ভুলের পেছনে পরিস্থিতি দেখতে পারি, তাঁর ভুলের পেছনেও হয়তো একটি পরিস্থিতি আছে। আর আমি যদি চাই আমার ভালো উদ্দেশ্যটি তিনি বুঝুন, তবে আমাকেও জানতে হবে—আমার ভালো উদ্দেশ্য তাঁর কাছে বাস্তবে কীভাবে পৌঁছেছে।
এখানে একটি সহজ প্রশ্ন দাম্পত্যের বহু তর্কের গতিপথ বদলে দিতে পারে: “এই একই কাজটি যদি আমি করতাম, তাহলে নিজের জন্য কী ব্যাখ্যা দিতাম?” আর তার পরের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ: “আমি যে ব্যাখ্যাটি নিজের জন্য গ্রহণ করছি, একই ব্যাখ্যার সুযোগ কি সঙ্গীকেও দিচ্ছি?”
এই প্রশ্নগুলো কোনো জাদুর মন্ত্র নয়। এগুলো বললেই পুরোনো ক্ষোভ মিলিয়ে যাবে না, গভীর সম্পর্কগত সমস্যা রাতারাতি সমাধানও হবে না। কিন্তু এগুলো আমাদের বিচার করার জায়গা থেকে বোঝার জায়গায় নিয়ে যেতে পারে। কারণ দীর্ঘস্থায়ী সম্পর্কের একটি বড় দক্ষতা হলো—নিজের অভিজ্ঞতাকে সত্য মনে করার পাশাপাশি অন্য মানুষের অভিজ্ঞতাটিও সত্য হতে পারে, এই সম্ভাবনার জন্য জায়গা রাখা।
তাই দাম্পত্যে ভালোবাসার হিসাব করার আগে কখনো কখনো হিসাবের খাতাটিই পরীক্ষা করা দরকার। আমরা কি একই আচরণের জন্য দুজনের ক্ষেত্রে দুই ধরনের মানদণ্ড ব্যবহার করছি? তাঁর ভুলকে কি চরিত্রের সমস্যা বলছি, আর নিজের ভুলকে পরিস্থিতির ফল? তাঁর আচরণের ফলাফল দিয়ে কি তাঁর ভালোবাসা মাপছি, অথচ নিজের ভালোবাসার প্রমাণ হিসেবে শুধু নিজের ভালো উদ্দেশ্যটুকু হাজির করছি?
সম্ভবত এখানেই আয়নাটির প্রয়োজন। কারণ অন্যের মুখ দেখার জন্য আয়না খুব বেশি দরকার হয় না; চোখই যথেষ্ট। আয়নার আসল প্রয়োজন হয় নিজের মুখটি দেখার জন্য। আর দাম্পত্যে সেই আয়না কখনো সঙ্গীর অভিযোগ, কখনো তাঁর নীরবতা, কখনো একটি অস্বস্তিকর প্রশ্ন, আবার কখনো নিজের ভেতর থেকে উঠে আসা ছোট্ট স্বীকারোক্তি—“আমি কি একই কাজের জন্য নিজেকে আর তাঁকে দুইভাবে বিচার করছি?”
এই প্রশ্নের উত্তর সব সময় আরামদায়ক হবে না। কিন্তু সম্পর্কের গভীরতা সম্ভবত সেখানেই—যেখানে আমরা শুধু প্রমাণ করতে চাই না যে “আমি তোমাকে ভালোবাসি”, বরং এটুকুও জানতে চাই: “আমার ভালোবাসা তোমার কাছে কীভাবে পৌঁছাচ্ছে?”
কারণ ভালোবাসার উদ্দেশ্য আমাদের ভেতরে জন্মায়, কিন্তু তার অভিজ্ঞতা তৈরি হয় অন্য মানুষের মনে। আর intention ও impact-এর মাঝখানের এই ছোট্ট দূরত্বটুকুই কখনো কখনো দাম্পত্যের সবচেয়ে বড় ভুল-বোঝাবুঝির ঠিকানা হয়ে ওঠে।
প্রতিদিনের ছোট্ট অসঙ্গতি আলাদা করে দেখলে তুচ্ছ। একদিন কথা না বলা। একটি ব্যঙ্গাত্মক মন্তব্য। ফোনে চোখ রেখে “শুনছি” বলা। খরচ লুকানো। সঙ্গীর অনুভূতিকে “ড্রামা” বলা। সবই ছোট। কিন্তু সম্পর্ক তো একটি বড় ঘটনা নয়। হাজার ছোট ঘটনার সঞ্চয়।
একজন যদি বারবার অনুভব করেন—তাঁকে শোনা হয় না, সম্মান করা হয় না, তাঁর বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হয় না—তাহলে ভালোবাসার বড় ঘোষণা ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতা হারায়।
“আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি”—এই বাক্যটি সুন্দর। কিন্তু তার পাঁচ মিনিট পর যদি বলা হয়—“তোমার অনুভূতি নিয়ে এত বাড়াবাড়ি করো কেন?” তাহলে পৃথিবীটি একটু ছোট হয়ে আসে।
শিশুরাও সম্পর্কের এই ভাষা দেখে শেখে—মতভেদ কীভাবে সামলাতে হয়, ক্ষমা চাইতে হয় কি না, পরিবারের ক্ষমতা কার, ভালোবাসা কি সম্মানসহ আসে নাকি নিয়ন্ত্রণসহ। ফলে দাম্পত্যের ছোট অভ্যাস শুধু দুজন মানুষের ব্যক্তিগত ব্যাপার নয়। সেখান থেকেই পরবর্তী প্রজন্ম সম্পর্কের ব্যাকরণ শিখতে শুরু করে।
করণীয় শুনলেই আমাদের ভয় লাগে।
মনে হয় এখন বলা হবে প্রতিদিন ভোর পাঁচটায় উঠে ধ্যান করুন, সঙ্গীর চোখে তাকিয়ে সাতটি ইতিবাচক বাক্য বলুন এবং সপ্তাহে দুবার relationship journal লিখুন। এত কঠিন হওয়ার দরকার নেই।
আর মাঝে মাঝে ফোনটা উল্টো করে রাখা যায়। বিশ্বের ঘটনাপ্রবাহ হয়তো পনেরো মিনিট আপনাকে ছাড়াই চলবে। সম্পর্কটিও হয়তো সেই পনেরো মিনিটে একটু নিশ্বাস নেবে।
চলুন আবার প্রথম দৃশ্যে ফিরে যাই। রাত সাড়ে এগারোটা। প্রশ্নটি আবার এসেছে—“তুমি আমাকে কতটা ভালোবাসো?” এবার স্বামী হয়তো “অনেক” বলবেন না। স্ত্রীও হয়তো প্রমাণ হিসেবে বিকেলের missed call হাজির করবেন না। হয়তো দুজনেই একটু হাসবেন। কারণ দীর্ঘ দাম্পত্যের শেষে মানুষ সম্ভবত বুঝতে শেখে—ভালোবাসা সব সময় নাটকীয় নয়। কেননা:
কিন্তু সমস্যা হলো, আমরা ভালোবাসা পেতে চাই; কিন্তু প্রায়ই সেটি চাই নিজের ভাষায়।যেমন:
তাই ভালোবাসার সবচেয়ে নির্ভুল মিটার হয়তো কোনো যন্ত্র নয়। বরং কয়েকটি অস্বস্তিকর প্রশ্ন। যেমন:
আর সবচেয়ে কঠিন প্রশ্নটি সম্ভবত শেষেরটি—যে আচরণটি সঙ্গীর মধ্যে দেখলে আমি বলি, “তুমি আমাকে বোঝো না”, নিজের মধ্যে একই আচরণ দেখলে আমি কি সেটাকে অন্য কোনো সুন্দর নামে ডাকি?
ভালোবাসার মিটার খুঁজতে খুঁজতে তাই হয়তো শেষ পর্যন্ত মিটারটি সঙ্গীর দিকে নয়—একবার নিজের দিকেও ঘোরানো দরকার। কারণ দাম্পত্যের সবচেয়ে বড় রসিকতা সম্ভবত এই—আমরা প্রায় সবাই এমন একজন সঙ্গী চাই, যিনি আমাদের বুঝবেন, সহ্য করবেন, সম্মান করবেন, ভুল ক্ষমা করবেন, space দেবেন, পাশে থাকবেন এবং বদলাতে সাহায্য করবেন। কিন্তু প্রশ্ন হলো—যে মানুষটিকে আমরা নিজের জীবনে চাই, আমরা নিজেরা কি ধীরে ধীরে সেই মানুষটি হয়ে উঠছি?
লেখক: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু, উপদেষ্টা , অধিকারপত্র, odhikarpatranews@gmail.com
#দাম্পত্য #ভালোবাসা #সম্পর্ক #দাম্পত্যমনস্তত্ত্ব #ভালোবাসারপরিমাপ #Compatibility #RelationshipPsychology #Marriage #CoupleLife #RelationshipSatisfaction #Spouse #বাংলাদেশ #পরিবার #রম্যব্যঙ্গ #সমাজ #মনস্তত্ত্ব #SocialMedia #SelfReflection #Odhikarpatra
Keywords:
দাম্পত্য জীবন, ভালোবাসার পরিমাপ, relationship compatibility, marital satisfaction, spouse relationship, অতিরিক্ত ভালোবাসা, relationship psychology, দাম্পত্য মনস্তত্ত্ব, partner phubbing, relationship