09/25/2026 আইনশৃঙ্খলা ভালো—সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই: শফিকুর রহমান
odhikarpatra
২৪ September ২০২৬ ২৩:২৯
অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬,
সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে চাঁদাবাজি, মাদক, অস্ত্র ও অপ্রতিম হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন জামায়াত আমির
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো—সরকারের এমন বক্তব্যের সঙ্গে সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার মিল নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, যে দল যখন সরকারে থাকে, তারা প্রায়ই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে দাবি করে। কিন্তু পথে-ঘাটে, রাস্তায় এবং ঘরে-বাইরে মানুষের অভিজ্ঞতার সঙ্গে সেই দাবির মিল তিনি দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেন।
সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, নিহত কিশোরকে ‘দুষ্টু’ হিসেবে তুলে ধরে ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় শফিকুর রহমান এর আগে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি করেছিলেন।
মাদক ও অস্ত্রের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
সিলেটে চাঁদাবাজি নেই—এমন দাবি করা যাবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। গণমাধ্যম স্বাধীনভাবে এসব বিষয় তুলে ধরতে পারলে প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন। সাংবাদিকেরা বিভিন্ন সময় চাপের মধ্যে কাজ করেন এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রেও চাপ থাকে বলে তিনি অভিযোগ করেন।
মতবিনিময় সভায় শফিকুর রহমান সিলেটের রেল যোগাযোগ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, চা-শ্রমিকদের জীবনমান, স্থানীয় সরকার নির্বাচন এবং দ্রব্যমূল্যসহ বিভিন্ন বিষয়েও কথা বলেন। তিনি বলেন, সিলেটের মানুষের বিভিন্ন ন্যায্য দাবি সরকারের কাছে তুলে ধরা জনগণের অধিকার।
দুই দিনের সফরে বৃহস্পতিবার সকালে সিলেটে যান জামায়াতে ইসলামীর আমির। সফরে তিনি কয়েকটি দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন।