09/26/2026 উত্তাল পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ
odhikarpatra
২৫ September ২০২৬ ২৩:৫৫
ভেড়ামারায় মাঝনদীতে বড় ঢেউয়ের আঘাতে নৌকা ঘুরে যায়; প্রবল স্রোতে ব্যাহত উদ্ধার অভিযান, ডুবুরি দল আনার উদ্যোগ
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৫৮) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বারমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ উজির মণ্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব নওদাপাড়া (মণ্ডলপাড়া) গ্রামের মৃত খেদের আলী মণ্ডলের ছেলে। প্রতিদিনের মতো তিনি পদ্মা নদী পার হয়ে ঈশ্বরদীর দাদাপুর চরে চাষাবাদের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
নৌকায় থাকা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, মাঝনদীতে যাওয়ার পর হঠাৎ একটি বড় ঢেউ নৌকায় আঘাত করলে নৌকাটি ঘুরে যায়। এ সময় নৌকার হাল ধরে থাকা উজির মণ্ডল ছিটকে নদীতে পড়ে যান।
নৌকায় থাকা অন্যরা কিছুক্ষণ পর প্রায় ৫০ হাত দূরে তাকে পানিতে দেখতে পান। এ সময় উজির মণ্ডল তাদের দিকে হাত দিয়ে ইশারাও করছিলেন। তবে নদীতে প্রবল স্রোত থাকায় নৌকা ঘুরিয়ে তার কাছে যাওয়া সম্ভব হয়নি।
ঘটনার সময় উজির মণ্ডলের সঙ্গে নৌকায় ছিলেন হযরতুল্লাহ, আসাদুল মালিথা ও আতিয়ার বিশ্বাস।
হযরতুল্লাহ জানান, কাঠের তৈরি নৌকাটি প্রায় ৩৩ হাত লম্বা। শুরুতে তিনিই নৌকা চালাচ্ছিলেন। পরে উজির মণ্ডল নৌকার হাল ধরেন। মাঝনদীতে একটি বড় ঢেউ আঘাত করলে নৌকাটি ঘুরে যায়। পরে পেছনে তাকিয়ে তারা উজির মণ্ডলকে নৌকায় দেখতে পাননি।
তিনি বলেন, কিছুক্ষণ পর প্রায় ৫০ হাত দূরে উজির মণ্ডলকে পানিতে দেখা যায়। তিনি তাদের দিকে ইশারা করছিলেন। কিন্তু তীব্র স্রোতের কারণে নৌকা ঘুরিয়ে তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ কৃষকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। খুলনা থেকে ডুবুরি দল আনার জন্য খবর পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য কারিবুল ইসলাম রনি জানান, উজির মণ্ডলসহ কয়েকজন কৃষক দাদাপুর চরে মাসকলাই চাষের জন্য যাচ্ছিলেন। নৌকা থেকে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ওসি মো. শফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সঙ্গে নৌ পুলিশের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, পদ্মা নদীতে একজন নিখোঁজ হওয়ার খবর তিনি পেয়েছেন। বিষয়টি লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ি দেখভাল করছে এবং পুলিশও বিষয়টি নজরদারিতে রেখেছে।