09/26/2026 স্পেনে ইয়ট থেকে ২ টনের বেশি কোকেন জব্দ, গ্রেপ্তার ৫
odhikarpatra
২৫ September ২০২৬ ২৩:৫৬
আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিক মহাসাগরে একটি ইয়ট থেকে দুই টনের বেশি কোকেন জব্দ করেছে স্পেন ও ফ্রান্সের যৌথ মাদকবিরোধী অভিযান। এ ঘটনায় ইয়টের চার ক্রুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ইয়টটি পূর্ব ইউরোপ ও বলকান অঞ্চলের একটি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট।
স্পেনের কর কর্তৃপক্ষ ও ফরাসি কাস্টমসের যৌথ অভিযানে গ্যালিসিয়া উপকূল থেকে প্রায় ৪০০ মাইল দূরে ইয়টটি আটক করা হয়। ‘অপারেশন দোনসেয়া’ নামে পরিচালিত অভিযানে ইয়ট থেকে ৭০টি প্যাকেটে মোট প্রায় ২ হাজার ১০০ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে।
অভিযানটি শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। স্পেনের জিরোনা এলাকায় সন্দেহজনক একটি ইয়টকে ঘিরে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।
তদন্তে ১৪ মিটার দীর্ঘ পোলিশ পতাকাবাহী ইয়টটির নথিপত্র নিয়ে সন্দেহ দেখা দেয়। এর মালিক আগে চুরির ঘটনায় দণ্ডিত হয়েছিলেন বলেও তদন্তে উঠে আসে।
তদন্তকারীরা জানান, ইয়টটি মূলত পূর্ব ইউরোপ ও বলকান অঞ্চলের সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীগুলোর কাছে ব্যবহারের জন্য সরবরাহ করা হতো। পোল্যান্ডে সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধবিরোধী গোয়েন্দা কেন্দ্রের সহায়তায় তথ্য সংগ্রহের পর ইয়টটির অবস্থান জিরোনার রোসেস এলাকায় শনাক্ত করা হয়।
১১ জুলাই ইয়টটি সমুদ্রে যাত্রা শুরু করলে এর ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। এতে কর্তৃপক্ষের নজরদারি এড়ানোর চেষ্টা করা হয়েছিল বলে তদন্তকারীরা জানান।
যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ), যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং পর্তুগালের মাদকবিরোধী মেরিটাইম অ্যানালাইসিস অ্যান্ড অপারেশনস সেন্টারের সহযোগিতা নিয়ে স্পেনের একটি টহল জাহাজ ইয়টটির অবস্থান শনাক্ত করে।
১৪ সেপ্টেম্বর ভোরে ইয়টটিতে অভিযান চালিয়ে চার ক্রু সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া ও আলবেনিয়ার নাগরিক রয়েছেন।
স্প্যানিশ কর্তৃপক্ষের দাবি, আলবেনীয় নাগরিকটি বলকান অঞ্চলের ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দেওয়ার বিষয়টি তদারকির দায়িত্বে ছিলেন।
ইয়টটি টেনে ভিগোর দিকে নেওয়ার সময় জিরোনায় অভিযান চালিয়ে নেটওয়ার্কের মূল হোতাকেও গ্রেপ্তার করা হয়। তিনি চিলির নাগরিক এবং মাদক পরিবহনের জন্য ইয়ট সংগ্রহের দায়িত্বে ছিলেন বলে তদন্তকারীরা জানিয়েছেন।
এ ঘটনায় বার্সেলোনায় থাকা আরও এক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই ব্যক্তি চক্রটির নজরদারি ও লজিস্টিক কার্যক্রমের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যপদ, চোরাচালান ও মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। মামলাটি স্পেনের ন্যাশনাল কোর্টে উপস্থাপন করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটলান্টিক মহাসাগর দিয়ে পরিচালিত কোকেন পাচারের রুটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তদন্তের পরিধি আরও বাড়ানো হচ্ছে।