09/30/2026 শ্রীনগরে অচেতন অটোচালক উদ্ধার, ছিনতাইকারীর হাত থেকে অটোরিকশা রক্ষা
odhikarpatra
২৯ September ২০২৬ ২৩:৫৫
অধিকারপত্র ডটকম : সারদেশ ডেক্স :
শ্রীনগর প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে অচেতন অবস্থায় এক অটোচালককে উদ্ধার করেছেন সেখানে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যরা। একই সময়ে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা এক ব্যক্তিকেও বাধা দেন তারা। আনসার সদস্যদের তৎপরতায় অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠার পর অটোচালককে তার অটোরিকশাসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী অটোচালকের নাম মো. কালু মিয়া (৫৫)। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ী গ্রামের বাসিন্দা।
জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে কালু মিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা। এ সময় এক ব্যক্তি তার অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আনসার সদস্যরা তাকে বাধা দেন।
আনসার সদস্যদের তৎপরতা দেখে ওই ব্যক্তি অটোরিকশাটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে আনসার সদস্যরা অচেতন কালু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন।
চিকিৎসা শেষে মঙ্গলবার কালু মিয়া সুস্থ হয়ে উঠলে তাকে তার অটোরিকশাসহ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
অটোচালকের পরিবারের সদস্যরা জানান, আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপের কারণে একদিকে কালু মিয়ার জীবন রক্ষা পেয়েছে, অন্যদিকে অটোরিকশাটিও ছিনতাইয়ের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। এ জন্য তারা আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।