10/04/2026 আখতারুজ্জামান এখন পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা: জামায়াত আমির
odhikarpatra
৪ October ২০২৬ ১৭:৪৩
অধিকারপত্র ডটকম রাজনৈতিক ডেক্স:
নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান এখন শুধু জামায়াতে ইসলামীর নন, পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তার গ্রেপ্তারের বিষয়টি দেশের মানুষ ও প্রবাসীরা ভালোভাবে নেয়নি। আখতারুজ্জামান যে বিষয়ে কথা বলেছেন, সেটি ‘১০০ ভাগ সত্য’ বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান আখতারুজ্জামানকে ‘ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর’ হিসেবে উল্লেখ করেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আদালতে নেওয়ার সময় তাকে অপমানের উদ্দেশ্যে হেলমেট পরানো হয়েছিল বলেও দাবি করেন জামায়াত আমির।
রাড্ডা মেডিক্যাল সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করেন শফিকুর রহমান। তার অভিযোগ, ঘটনার পর সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগ করানো হলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। একই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান কার্যত বিধ্বস্ত অবস্থায় রয়েছে।
এ সময় দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। সাত মাসেও এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বলে মন্তব্য করেন শফিকুর রহমান।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।