10/14/2026 শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থার আহ্বান রাষ্ট্রপতির
odhikarpatra
১৪ October ২০২৬ ১৭:২৩
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশের এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতি দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদক পরিহার করে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিস্তার রোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে তাঁর বক্তব্যে উঠে আসে।
বিশ্ববিদ্যালয়ের সমস্যা শুনলেন রাষ্ট্রপতি
সাক্ষাৎকালে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, সীমাবদ্ধতা ও সমস্যার বিষয়েও তাঁর দৃষ্টি আকর্ষণ করে।
রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে আশ্বাস দেন।
সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ
আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে উপাচার্যকে আশ্বস্ত করেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, সহকারী অধ্যাপক ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।